• স্বাধীনতা দিবসে বড় সম্মান বাংলার! মর্যাদাপূর্ণ ‘রাষ্ট্রীয় গৌরব পুরস্কার’ পাচ্ছেন ২ সমাজসেবী
    News18 বাংলা | ২০ জুলাই ২০২৬
  • : সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ১৫ অগাস্ট, দেশের স্বাধীনতা দিবসে প্রদান করা হতে চলেছে মর্যাদাপূর্ণ ‘রাষ্ট্রীয় গৌরব পুরস্কার ২০২৬’। এ বছর পশ্চিমবঙ্গ থেকে এই সম্মানজনক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দুই বিশিষ্ট সমাজসেবী, অমিতাভ ঘোষ এবং মিঠুন ভৌমিক। দু:স্থ, অনগ্রসর ও সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়া মানুষদের তুলে আনতে তাদের দীর্ঘদিনের নিঃস্বার্থ লড়াইকে কুর্ণিশ জানাতেই এই রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হচ্ছে।

    পুরস্কার প্রাপকদের অন্যতম অমিতাভ ঘোষ নদিয়া জেলার আড়ংঘাটার ‘স্বাবলম্বন’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এই সংস্থাটি টানা এক বছর ধরে অত্যন্ত সক্রিয়ভাবে সমাজের পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের পুনর্বাসন এবং তাদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। প্রান্তিক মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার এই নিরলস প্রচেষ্টার জেরেই অমিতাভ বাবুকে এই বছর ‘রাষ্ট্রীয় গৌরব’ সম্মানে ভূষিত করা হচ্ছে। অন্য এক পুরস্কার প্রাপক, মিঠুন ভৌমিকের ঝুলিতেও আসতে চলেছে এই একই গৌরব। সমাজসেবার ক্ষেত্রে অত্যন্ত পরিচিত মুখ মিঠুন বাবু এর আগেও তার কাজের জন্য একাধিক জাতীয় স্তরের সম্মানে ভূষিত হয়েছেন। ইতিপূর্বে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও সংস্থার পক্ষ থেকে ৫০ টিরও বেশি পুরস্কার এবং মানপত্র লাভ করেছেন।

    আগামী ১৫ অগাস্টের এই মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি যে অত্যন্ত হাই-প্রোফাইল হতে চলেছে, তা স্পষ্ট। পুরস্কার প্রাপক মিঠুন ভৌমিক জানিয়েছেন, আসন্ন এই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের সেনা, নৌ এবং বায়ু— এই তিন বাহিনীর প্রধানগণ। স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে বাংলার এই দুই কৃতি সমাজসেবীর রাষ্ট্রীয় মঞ্চে সম্মানিত হওয়ার খবর আসতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকাগুলিতে।
  • Link to this news (News18 বাংলা)