• নিউ টাউনে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার, রক্তাক্ত লিভ ইন পার্টনারও হাসপাতালে
    এই সময় | ২০ জুলাই ২০২৬
  • নিউ টাউনে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার। লিভ ইন পার্টনারের সঙ্গে অশান্তির জেরেই কি এই ঘটনা? উঠছে প্রশ্ন। সঙ্গী যুবকও এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। তাঁকে হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয় বলে খবর। রবিবার গভীর রাতে নিউ টাউনের চণ্ডীবেড়িয়ায় ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ।

    সূত্রের খবর, বছর ২৫-এর ওই তরুণীর বাড়ি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। চার মাস ধরে এক যুবকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন তিনি। ওই যুবকও ব্যারাকপুর শিল্পাঞ্চলেরই বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে খবর পেয়ে নিউ টাউনের ওই আবাসনে পৌঁছয় পুলিশ। সেখানে ওই তরুণীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। ওই যুবককেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

    কী ভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রাথমিক অনুমান, দু’জনের মধ্যে কোনও ঝামেলার কারণে এই ঘটনা হতে পারে। তরুণীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না পুলিশের পক্ষ থেকে তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলে তরুণীর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

  • Link to this news (এই সময়)