• বয়স্ক, বিধবা ও বিশেষ ভাবে সক্ষমদের আর্থিক সহায়তা বৃদ্ধির বিজ্ঞপ্তি, কার্যকর কবে থেকে?
    এই সময় | ২১ জুলাই ২০২৬
  • বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য পেনশন স্কিমের আর্থিক সাহায্য বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। উল্লেখ্য, নতুন সরকারের বাজেটে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য পেনশন বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। এ বার সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।

    রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমের অধীনে বার্ধক্য ভাতা ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা করা হচ্ছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিমের অধীনে বিধবা ভাতা ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিজ়অ্যাবিলিটিস স্কিমের অধীনে পেনশন স্কিমে ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা করা হচ্ছে। আগামী ১ অগস্ট থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে।

    রাজ্যে পালাবদলের পরে ২২ জুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করে নতুন সরকার। সেই বাজেটেই জানানো হয়, বয়স্ক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকরা সমাজে সবচেয়ে বেশি অসুরক্ষিত। সেই কথা মাথায় রেখে সামাজিক সুরক্ষা বৃদ্ধির জন্য এই শ্রেণির মানুষের পেনশন মাসিক ৫০০ টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হচ্ছে। এ দিন সেই ঘোষণার সরকারি বিজ্ঞপ্তি জারি করা হলো।

    উল্লেখ্য, এই প্রকলগুলির উপভোক্তাদের অ্যাকাউন্টে বর্ধিত আর্থিক সহায়তা দেওয়ার জন্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিটি জেলাশাসক, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থা এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি-কে দ্রুত এই নির্দেশ কার্যকর করে উপভোক্তার কাছে সংশোধিত পেনশনের অর্থ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)