• টিকিট দেখেও অশ্লীল গালিগালাজ, সাসপেন্ড টিটিই
    আজকাল | ২১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: টিকিট ছিল কাছে। মহিলা কামরায় না উঠে, কেন ভেন্ডার কামরায় উঠেছেন! এর জেরেই দুই নৃত্যশিল্পীকে হেনস্তার অভিযোগ টিটিই-র বিরুদ্ধে। অভিযুক্ত টিটিই-র বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ পূর্ব রেলের। 

    উত্তর ২৪ পরগনার গোবরডাঙার দুই তরুণী নৃত্যশিল্পীকে মানসিকভাবে হেনস্তা ও অশ্লীল, অকথ্য ভাষায় কটুক্তি করার অভিযোগে অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ নিল পূর্ব রেল। বনগাঁ জিআরপি থানায় ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি অভিযুক্ত টিটিই-কে দায়িত্ব থেকে সরিয়ে শিয়ালদহ ডিভিশনাল অফিসে তলব করা হয়েছে। আজ, সোমবার অভিযোগকারীদের আদালতে গিয়ে জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। 

    পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, গত শনিবার ঘটনাটি ঘটলেও পূর্ব রেল বিষয়টি জানতে পারে রবিবার সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও দেখার পর। এরপরই দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্ত টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাঁর বক্তব্য, এই ধরনের আচরণ কোনওভাবেই পূর্ব রেল বরদাস্ত করবে না। তাই অভিযুক্ত কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপও শুরু হয়েছে। 

    অভিযোগ অনুযায়ী, গোবরডাঙার বাসিন্দা ঋত্বিকা সাহা ও অশ্রী সাহা নামের দুই নৃত্যশিল্পী টিকিট কেটে রানাঘাটে একটি নাচের স্কুলে যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। অসাবধানতাবশত, তাড়াহুড়োয় তাঁরা ভেন্ডার কামরায় উঠে পড়েন। বনগাঁ স্টেশনে কর্তব্যরত টিকিট পরীক্ষক তাঁদের আটক করে ভেন্ডার কামরায় যাত্রার অভিযোগে আড়াই হাজার টাকা জরিমানা দাবি করেন। 

    অভিযোগ, টাকা দিতে না পারায় তাঁদের একটি নির্দিষ্ট ঘরে নিয়ে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মানসিক হেনস্তা করা হয়। ঘটনার প্রতিবাদে শতাধিক নৃত্যশিল্পী টিটিইর ছবি হাতে বনগাঁ জিআরপি থানার সামনে বিক্ষোভ দেখান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জিআরপি। 

    অভিযোগকারীদের দাবি, শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, আইনের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি টিকিট পরীক্ষকদের অফিস ও জিজ্ঞাসাবাদ কক্ষে সিসিটিভি ক্যামেরা বসানোরও দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, রেলের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখা এবং মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা অত্যন্ত জরুরি। প্রয়োজনে আইনি লড়াই চালিয়ে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন আন্দোলনকারীরা। সেক্ষেত্রে সঠিক বিচার না মিললে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দারস্ত হওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গিয়েছে প্রতিবাদী অভিযোগকারীদের তরফে।
  • Link to this news (আজকাল)