আজকাল ওয়েবডেস্ক: সল্টলেক সেক্টর ফাইভের তথ্যপ্রযুক্তি তালুক থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি! রবিবার রাতে আপ হাওড়া-ব্যান্ডেল লোকাল ট্রেনের মহিলা কামরায় এক মহিলা যাত্রীকে সজোরে ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় তীব্র শোরগোল চারিদিকে।
বেলুড় স্টেশনের কাছে ঘটে যাওয়া এই রোমহর্ষক ঘটনায় গুরুতর আহত হয়েছেন রোশনি কুমারী নামের এক যুবতী। জানা গিয়েছে, তিনি রিষড়ার বাসিন্দা। রাতেই জিআরপির তৎপরতায় বালি স্টেশন এলাকা থেকে গণেশ কুমার নামের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় আটটা নাগাদ অফিস সেরে হাওড়া স্টেশন থেকে আপ ব্যান্ডেল লোকালের মহিলা বগিতে ওঠেন রোশনি। ট্রেনটি বেলুড় স্টেশন ছেড়ে একটু এগোতেই আচমকা কামরায় এক দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। কোনও কারণ ছাড়াই তাঁকে ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয়। দুর্ঘটনাস্থল রেললাইনের ধারে ছিটকে পড়ে গুরুতর জখম হন তিনি। তাঁর বাঁ হাত ভেঙে যাওয়ার পাশাপাশি মাথা ও পায়ে মারাত্মক আঘাত লাগে।
রক্তাক্ত ও যন্ত্রণাকাতর অবস্থাতেই সাহসিকতার পরিচয় দিয়ে বেলুড় জিআরপিতে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত রোশনি। তাঁর অভিযোগের ভিত্তিতে বালি স্টেশন থেকে অভিযুক্ত গণেশ কুমারকে পাকড়াও করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার কঠোর ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।
সোমবার অভিযুক্তকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঠিক কী কারণে এই হামলা- পূর্ব শত্রুতা, না কি ছিনতাইয়ের চেষ্টা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।