আজকাল ওয়েবডেস্ক: একের পর এক মামলায় ধাক্কা। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে আদালতে গেলেও, ধাক্কা খেতেই হল অভিষেককে। চোখের চিকিৎসার জন্য আপাতত বিদেশ যাত্রায় রইল বাধা। বরং, তাঁকে খাস কলকাতার সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দিল আদালত। সূত্রের খবর তেমনটাই।
সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ এই মামলার শুনানিতে জানিয়ে দেয়, রক্ষাকবচের মেয়াদ বাড়লেও এখনই বিদেশে যেতে পারবেন না অভিষেক। বিধানসভা ভোটের আগে অভিষেকের ডিজে মন্তব্য মামলার শুনানিতে উঠে আসে এই প্রসঙ্গ। আগেই তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল। ফের তাই জানানো হল। আদালত জানায়, যদি এমন কোনও গুরুতর চোখের সমস্যা বা চিকিৎসাজনিত সমস্যা, তার চিকিৎসা যদি কলকাতায় বা রাজ্যে না হয়ে থাকে, তাহলেও প্রথমে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অভিষেককে। সেখানে পরীক্ষা করে রিপোর্ট আনার কথা বলা হয়েছে, সূত্রের খবর তেমনটাই।
যদি বিশেষজ্ঞ চিকিৎসক মত দেন যে এই রোগের চিকিৎসা কলকাতায় সম্ভব নয় এবং বিদেশে চিকিৎসা করানো ছাড়া অন্য কোনও কার্যকর উপায় নেই, তবে তা চিকিৎসা-সংক্রান্ত মতামত হিসাবে গুরুত্বপূর্ণ হবে।
অভিষেকের আইনজীবী তাঁর প্রায় এক দশকের বিদেশে চিকিৎসার প্রসঙ্গ তুললেও, রাজ্যের আইনজীবী জানান, শুধু এই মামলা নয়। অনেক মামলায় অভিষেক জড়িত। এই অবস্থায় বিদেশ যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে। এদিন অভিষেকের আইনজীবী জানান, বিদেশ যেতে চেয়ে আলাদা আবেদন করা হয়েছে। ওই বিষয়ে শুনানি করা হোক। আগস্ট মাসে বিদেশ যাত্রা নিয়ে শুনানি। সূত্রের খবর শুনানিতে বিচারপতি বলেন, 'আমি মেডিকেল কাউন্সিলের সিনিয়র কাউন্সিল ছিলাম। ফলে বিষয়টি অন্য বেঞ্চের তুলনায় এখানে বললে সমস্যা হতে পারে।' উল্লেখ্য, এই মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়ার বাড়ল ৬ অক্টোবর পর্যন্ত।