• করুণাময়ী থেকে সোজা দিল্লি! দীর্ঘ পথ এবার আরও আরামদায়ক, সুপ্রিম প্রিমিয়াম 'এই' বাসের ভাড়া কত?
    News18 বাংলা | ২১ জুলাই ২০২৬
  • করুণাময়ী থেকে সরাসরি দিল্লি! পূর্ব ভারতের সঙ্গে দেশের রাজধানী দিল্লির যোগাযোগকে আরও সহজ, দ্রুত ও আরামদায়ক করে তুলতে নতুন উদ্যোগ নিল শ্যামলী পরিবহন। সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাস থেকে সংস্থার বিলাসবহুল ভলভো বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফলে এবার কলকাতা থেকে সরাসরি দিল্লি পর্যন্ত সড়কপথে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বাসে যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বাসটি করুণাময়ী থেকে প্রতিদিন সকাল ন’টায় ছাড়বে। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ ও বারাণসী হয়ে রাজধানী দিল্লিতে পৌঁছবে।

    অন্যদিকে, দিল্লি থেকে ফিরতি বাস প্রতিদিন দুপুর ১’টায় যাত্রা শুরু করবে। দীর্ঘ দূরত্বের এই রুটে ব্যবসায়ী, কর্মসূত্রে যাতায়াতকারী, ছাত্র-ছাত্রী এবং পর্যটকদের জন্য পরিষেবা বিশেষভাবে উপযোগী হবে বলে মনে করছে সংস্থা। যাত্রীদের আরাম, নিরাপত্তা ও আধুনিক ভ্রমণের অভিজ্ঞতা দিতে বাসটিতে একাধিক উন্নত সুবিধা রাখা হয়েছে। চলন্ত বাসেই রয়েছে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত বায়ো-টয়লেটের ব্যবস্থা। পাশাপাশি যাত্রাপথে ইন্টারনেট ব্যবহারের জন্য থাকবে হাই-স্পিড ফ্রি ওয়াই-ফাই পরিষেবা।

    ব্যক্তিগত বিনোদনের জন্য দেওয়া হবে হেডফোন, যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে অডিও বা ভিডিও উপভোগ করতে পারেন। নিরাপত্তার কথা মাথায় রেখে বাসে থাকছে লাইভ ট্র্যাকিং সিস্টেমও, যার মাধ্যমে বাসের অবস্থান রিয়েল-টাইমে জানা যাবে। পরিবহন সংস্থার প্রতিনিধিরা জানান, আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের পরিষেবা একসঙ্গে দেওয়াই তাদের লক্ষ্য। কলকাতা-দিল্লি রুটে এই নতুন ভলভো পরিষেবা যাত্রীদের কাছে জনপ্রিয় হবে বলেও তারা আশাবাদী।

    নতুন এই পরিষেবার সূচনায় দীর্ঘপথের বাসযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হল বলে মনে করছে যাত্রী থেকে পরিবহন ক্ষেত্রে যুক্ত সকলেই। বাসের ভাড়া থাকছে ১৮০০ থেকে ৩৭০০ মধ্যে (ডায়নামিক ফেয়ার)। যাত্রীদের কথায়, বহু সময় ট্রেনের টিকিট পাওয়া দুষ্কর হয়ে ওঠে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার বাসে করেই সোজা দিল্লি পৌঁছে যাওয়া যাবে। সব ধরনের সুবিধা থাকায় আর কোন অসুবিধা হবে না। এখন দেখার নতুন এই বাস পরিষেবা কতটা সাফল্য পায়।
  • Link to this news (News18 বাংলা)