: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পাটুলির জামালপুরের ঐতিহ্যবাহী বুড়োরাজ মন্দিরে শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভক্তদের ঢল নামল। ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা থেকেও হাজার হাজার ভক্ত মন্দিরে এসে ভিড় জমান। হাতে গঙ্গাজল ও পুজোর সামগ্রী নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মহাদেবের মাথায় জল ঢেলে পুজো দেন ভক্তরা। ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা মন্দির চত্বর। প্রতি বছরই শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায়। তবে এ বছর সেই ছবিতে এসেছে নতুন মাত্রা। সাধারণত সকালেই ভিড় বেশি থাকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা কমে যায়।
কিন্তু এদিন ঠিক উল্টো ছবি ধরা পড়ে। সকাল থেকে শুরু হওয়া ভিড় দুপুরের দিকে আরও বেড়ে যায়। ফলে দীর্ঘ সময় ধরে ভক্তদের লাইন মন্দির চত্বর ছাড়িয়ে বাইরে পর্যন্ত পৌঁছে যায়। কয়েক হাজার ভক্ত এদিন বুড়োরাজের মাথায় জল ঢেলে পুজো দেন। মন্দিরের সেবাইত কৌশিক ব্যানার্জি জানান, এ বছর শ্রাবণ মাসে মোট পাঁচটি সোমবার রয়েছে। প্রথম সোমবার থেকেই ভক্তদের যে বিপুল সমাগম হয়েছে, তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তাঁর কথায়, আগে সাধারণত সকালবেলায় বেশি ভিড় দেখা যেত, কিন্তু এবার বেলা যত গড়িয়েছে, ততই ভক্তদের সংখ্যা বেড়েছে। আগামী সোমবারগুলিতেও আরও বেশি ভক্ত সমাগমের আশা করছেন তিনি।
ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও ছিল কড়া নজরদারি। পুলিশ ও প্রশাসনের কর্মীরা মন্দির চত্বরে মোতায়েন ছিলেন। ভিড় নিয়ন্ত্রণ, সারিবদ্ধভাবে দর্শন এবং নির্বিঘ্নে জলঢালার ব্যবস্থা করতে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। ধর্মীয় আবেগ, ভক্তি ও উৎসবের আবহে শ্রাবণের প্রথম সোমবারে বুড়োরাজ মন্দির কার্যত পরিণত হয় এক বিশাল তীর্থক্ষেত্রে।