কী হয়েছিল ২১ জুলাই? শুভেন্দুর আবেদনে সাড়া, সত্যি জানতে ফের FIR করবে শহিদ বিশ্বনাথ রায়ের পরিবার
News18 বাংলা | ২১ জুলাই ২০২৬
আজই বিধানসভায় একুশে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্তকুমার চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে কমিশন গঠন হয়েছিল, তার রিপোর্টই এ দিন প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে শুভেন্দু অধিকারী শহিদ পরিবারগুলির কাছে আর্জি জানিয়েছেন, কেউ চাইলে ১৯৯৩ সালের একুশ জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে নতুন করে এফআইআর করতে পারেন৷
মুখ্যমন্ত্রীর এই আবেদনেই সাড়া দিলেন একুশে জুলাইয়ের ঘটনায় শহিদ হওয়া বরাবনগরের বিশ্বনাথ রায়ের পরিবার৷ বিশ্বনাথ বাবুর ছেলে রাজীব রায় জানিয়েছেন, আমরা এফআইআর করব৷ দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার কী কী তথ্য গোপন করতে চেয়েছিল, আমরা তারও জবাব চাই৷
এ দিন মুখ্যমন্ত্রী কমিশনের রিপোর্ট পেশ করে একুশে জুলাইয়ের সেই ঘটনার জন্য তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তকেই দায়ী করেছেন৷ তিনি আরও অভিযোগ করেন, মণীশ গুপ্তকে বাঁচাতেই তদন্তের দায়িত্বে থাকা কমিশনকে মহাকণ থেকে কোনও নথি সরবরাহ করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কমিশন শহিদদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়ার সুপারিশ করেছিল৷ সেখানে তৃণমূল সরকার ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছিল৷ শহিদ পরিবার আবেদন করলে তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কমিশনের সুপারিশ মতোই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন, সেই আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
যদিও বিশ্বনাথ রায়ের ছেলে জানিয়েছেন, টাকা নয়, তাঁরা একুশে জুলাইয়ের ঘটনায় দোষীদের শাস্তি চান৷ শহিদদের মৃত্যুর তদন্তে ফের ফাইল খোলার উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিশ্বনাথ রায়ের পরিবার৷
বিশ্বনাথ রায়ের পরিবার আগেই জানিয়ে দিয়েছিল, তাঁরা কালীঘাটপন্থী তৃণমূলের ২১ জুলাইয়ের সভাতেও যাবেন না, ঋতব্রত শিবিরের সভাতেও যাবেন না৷৷