• রাতের ব্যান্ডেল লোকালে বিভীষিকা! চলন্ত ট্রেন থেকে ধাক্কা মহিলাকে, তারপর…
    প্রতিদিন | ২১ জুলাই ২০২৬
  • চলন্ত ট্রেন থেকে মহিলা যাত্রীকে ধাক্কা! ঘটনায় গুরুতর আহত মহিলা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আপ হাওড়া-ব্যান্ডেল লোকালে। যদিও ইতিমধ্যে এই ঘটনায় গণেশ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত গণেশ কুমারকেও।

    আক্রান্ত ওই মহিলার রোশনি কুমারি। তিনি হুগলির রিষড়ার প্রভাস নগরের বাসিন্দা। জানা যায়, রবিবার রাত ৮টা ১০ মিনিট নাগাদ হাওড়া ব্যান্ডেল লোকাল বেলুড় স্টেশন ছেড়ে এগোতেই এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত ওই মহিলাকে রাতেই বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা যায়, ট্রেন থেকে পড়ে ওই মহিলার হাত ভেঙে গিয়েছে। পায়ে ও মাথাতেও গুরুতর আঘাত রয়েছে। ওই অবস্থাতেই বেলুড় জিআরপিতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। সবদিক খতিয়ে দেখে বালি স্টেশন থেকে গণেশ কুমার নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। খুনের চেষ্টার অভিযোগে মামলা শুরু হয়েছে। সোমবার ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হলে তার ৩ দিনের পুলিশি হেফাজত হয়েছে।

    এদিকে রোশনি কুমারি নামে ওই মহিলা জানান “সল্টলেক সেক্টর ফাইভ থেকে কাজ করে বাড়ি ফিরছিলাম। হাওড়া থেকে আপ ব্যান্ডেল লোকালে মহিলা কামরায় উঠেছিলাম। আচমকাই এক ব্যক্তি আমাকে ধাক্কা মারলে চলন্ত ট্রেন থেকে ছিটকে রেল লাইনে পড়ে যাই।” কিন্তু কেন ধাক্কা, সে বিষয়ে কিছুই জানেন না বলেই দাবি আক্রান্ত মহিলার। এদিকে তদন্তকারীদের দাবি, ধৃতকে আরও জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
  • Link to this news (প্রতিদিন)