খাস কলকাতায় রিহ্যাবে নিয়ে যাওয়ার পথে কিশোরকে পিটিয়ে খুন! গ্রেপ্তার ৪
প্রতিদিন | ২১ জুলাই ২০২৬
কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগে একটি রিহ্যাব সেন্টারের চার কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার বাঁশদ্রোণী এলাকায় ঘটনাটি ঘটে। এদিন ওই কিশোরকে একটি গাড়িতে চাপিয়ে রিহ্যাব সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, গাড়িতেই তাকে ব্যাপক মারধর করেন রিহ্যাব সেন্টারের কর্মীরা। সেখানেই মৃত্যু হয় তার। এই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের মা। অভিযুক্তদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, ওই কিশোর মানসিকভাবে অসুস্থ ছিল। তাই তাকে রিহ্যাব সেন্টারের ভর্তি করানোর সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। সেই মতো রবিবার তাকে নিতে আসেন ওই সেন্টারের কয়েকজন কর্মী। কিন্তু তাঁদের সঙ্গে যেতে রাজি ছিল না কিশোর। গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়ার সময় হঠাৎ হিংস্র হয়ে ওঠে সে। তাকে রীতি মতো জোর গাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। কিছুক্ষণ পরে স্বপন প্রামাণিক নামে এক কর্মী কিশোরের বাবাকে ফোন করে জানান, তাঁর ছেলে অচৈতন্য হয়ে পড়েছে। তাকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে এসে কিশোরের বাবা জানতে পারেন, ছেলের মৃত্যু হয়েছে। অভিযোগ, গাড়িতেই তাকে পিটিয়ে খুন করেন রিহ্যাবের কর্মীরা।
কিশোরের মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৪ জনকে গ্রেপ্তার করে বাঁশদ্রোণী থানার পুলিশ। ধৃতদের নাম স্বপন প্রামাণিক, সৌরভ দাস, মনোজিৎ অধিকারী ও রীতেশ মণ্ডল। তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।