• চলন্ত ট্রেনে মহিলার শ্লীলতাহানি, স্টেশনে নেমে পালাতে গিয়ে ধরা পড়ল যুবক
    এই সময় | ২১ জুলাই ২০২৬
  • হাওড়া-খড়্গপুর শাখায় চলন্ত ট্রেনে এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত যুবককে উলুবেড়িয়া থেকে গ্রেপ্তার করেছে জিআরপি। ঘটনাটি ঘটে সোমবার রাতে। সূত্রের খবর, ধৃত যুবকের বাড়ি শ্যামপুরে। ধৃতকে মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হবে।

    জানা গিয়েছে, সোমবার রাতে বাউড়িয়া স্টেশন থেকে কয়েকজন স্কুল ছাত্রী ট্রেনে ওঠে। অভিযোগ ছাত্রীরা যে কামরায় উঠেছিল সেই কামরার মধ্যে অভিযুক্ত যুবক ছিল। অভিযোগ, ছাত্রীরা ট্রেনে ওঠার পরে অভিযুক্ত যুবক ছাত্রীদের লক্ষ্য করে কটুক্তি করতে থাকে। এমনকী একজন ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করে বলেও অভিযোগ।

    এর পরে ছাত্রীরা চেঙ্গাইল স্টেশনে নেমে গেলে অভিযুক্ত যুবক উলুবেড়িয়া স্টেশনে নেমে পালানোর চেষ্টা করে। যদিও আগে থেকে খবর পেয়ে উলুবেড়িয়া স্টেশনে জিআরপি পুলিশ অপেক্ষা করছিল। তারা অভিযুক্ত যুবককে আটক করে। পরে ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, ঘটনা কী ভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এর পাশাপাশি যেটা প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন। গোটা ঘটনার তদন্ত করার পাশাপাশি বিভিন্ন স্টেশনে ও চলন্ত ট্রেনে সিকিউটি আরও জোরদার করা হয়েছে।

  • Link to this news (এই সময়)