স্কুল পড়ুয়া ভর্তি পুলকারে ধাক্কা কন্টেনারের, জখম ৯ শিশু, সংকটজনক অবস্থায় এক
বর্তমান | ২১ জুলাই ২০২৬
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মুর্শিদাবদের কর্ণসুবর্ণ রেল গেটের দুর্ঘটনার রেশ এখনো কাটেনি তারই মাঝে আবার স্কুল পড়ুয়া ভর্তি একটি পুলকারের সঙ্গে একটি কন্টেনারের দুর্ঘটনার খবর উঠে এল আলিপুরদুয়ারের এথেলবাড়িতে। এই দুর্ঘটনায় প্রায় ৯ জন শিশু পড়ুয়া জখম হয়েছে। এক জনকে সংকটজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে একটি কন্টেনারের সঙ্গে সংঘর্ষ হয় একটি স্কুল পড়ুয়া ভর্তি পুলকারের। পুলকারের ভিতরে থাকা নয় জন স্কুল পড়ুয়া জখম হয়। জখমদের মধ্যে এক শিশুর অবস্থা সংকটজনক হওয়ায় তাকে বীরপাড়া স্টেট জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, পড়ুয়া বোঝাই পুলকারটি বীরপাড়া থেকে বিন্নাগুড়ি ২ নম্বর কেন্দ্রীয় বিদ্যালয়ে যাচ্ছিল। বীরপাড়া থানার এথেলবাড়িতে কন্টেনারটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হরিয়ে পুলকারটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে পুলকারটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং একটি কংক্রিটের নির্মাণে ধাক্কা মারে। ঘটনার পরেই পলাতক কন্টেনারের চালক। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিশুদের মধ্যে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। স্থানীয়রাই প্রথমে জখম শিশুদের উদ্ধারে হাত লাগায়। খবর দেওয়া হয় স্থানীয় থানাতে। তড়িঘড়ি ওই অঞ্চলে এসে পৌঁছয় পুলিশ। তারপর জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করা হয়। পুলিশ কন্টেনারটির চালকের খোঁজ করছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।
উল্লেখ্য, গত শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত কর্ণসুবর্ণের একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ যায় চার শিশু সহ এক সাইকেল আরোহীর। সকাল ৬টা ৪০ মিনিটে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন দ্রুত গতিতে লেভেল ক্রসিং অতিক্রম করার সময় রেললাইনে উঠে পড়া এক স্কুল পড়ুয়া ভর্তি পুলকারে সজোরে ধাক্কা মারে। সেই সময় লেভেল ক্রসিংয়ের গেট খোলা ছিল বলে অভিযোগ। ট্রেনের প্রবল ধাক্কায় পুলকারটি দুমড়ে-মুচড়ে যায়। পুলকারটিতে মোট ছয়জন স্কুলপড়ুয়া ছিল। দুর্ঘটনাস্থলেই দুই শিশু-সহ তিনজনের মৃত্যু হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়।