• চাকরি চুরিতেও পিছিয়ে নন! আদালতে গড়াল মামলা, লক্ষ লক্ষ টাকা 'গোপন' আঁতাত, আরও বিপাকে কেষ্ট
    News18 বাংলা | ২১ জুলাই ২০২৬
  • একের পর এক ধাক্কা অনুব্রত মণ্ডলের ওপরে। মাস কয়েক আগেই রাজ্যে পালাবদল ঘটেছে। আর এই পালাবদলের পরেই একের পর এক অভিযোগ উঠেছে একসময়ের বীরভূম জেলার দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের নামে। এবার আরও বিপাকে বীরভূমের একসময়ের ‘বাঘ’ (কেষ্ট)৷ ইটভাটায় লুট মামলার পর এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল অনুব্রতর। বীরভূম জেলার সিউড়ি জেলা আদালতের নির্দেশে সদর শহর সিউড়ি থানার পুলিশ অনুব্রত, জীবনকৃষ্ণ সাহা-সহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

    ইতিমধ্যেই সেই রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে। সূত্রের খবর, কল্যাণ ঘোষ নামে এক ব্যক্তির দায়ের করা মামলার ভিত্তিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করে পুলিশ। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ইটভাটায় লুট মামলায় অনুব্রত মণ্ডলের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ২০২১ সালে বোলপুরে পার্টি অফিস তৈরির সময়ে এলাকার এক ইটভাটার মালিকের থেকে প্রায় ৩০ লক্ষ টাকার ইট নিয়েছিলেন অনুব্রত। কিন্তু কোনও টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল। ইট ব্যবসায়ী সেই টাকা চাইতে গেলে তাঁকে ভয় দেখানো হয় বলে অভিযোগ করেন।

    ইটভাটায় লুট মামলার পর এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় আরও বিপাকে বীরভূমের কেষ্ট। এই বিষয়ে মামলাকারী কল্যাণ ঘোষের আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় বলেন, “আমার মক্কেল আগেই অভিযোগ করেছিলেন, কিন্তু পুলিশ কোনওভাবে অভিযোগ নিচ্ছিল না। তাই তিনি অবশেষে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে নড়েচড়ে বসে পুলিশ। দু’টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। কিন্তু, চাকরি হয়নি। রাজনৈতিক প্রভাব দেখিয়ে ২০১৭ সাল থেকে সমস্ত বিষয় চাপা দিয়ে রাখা হয়েছিল।”

    সূত্রের খবর, সদাইপুর থানার সাহাপুর গ্রামের বাসিন্দা জনৈক কল্যাণ ঘোষ গত ১১ জুন সিউড়ির সিজেএম আদালতে একটি অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও চাকরি দেওয়া হয়নি। অভিযোগপত্রে সরাসরি যারা টাকা নিয়েছিলেন, সেই প্রসেনজিৎ ঘোষ, তন্দ্রা ঘোষ ও উত্তম ঘোষের নাম রয়েছে। পাশাপাশি যাদের নাম করে এবং প্রভাব খাটিয়ে এই টাকা নেওয়া হয়, সেই তিনজনের নামও উল্লেখ করা হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, বড়ঞাঁর প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তৎকালীন সভাপতি রাজা ঘোষ। সব মিলিয়ে ছ’জনকে অভিযুক্ত করা হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)