• তিন সভা ঘিরে সুরক্ষায় ১০০০ পুলিশ, ‘হামলা’র নালিশ মমতার, পাল্টা তোপ
    এই সময় | ২১ জুলাই ২০২৬
  • এই সময়: আজ, মঙ্গলবার ২১ জুলাই উপলক্ষে একসঙ্গে তিনটি রাজনৈতিক কর্মসূচি নিয়ে সতর্ক লালবাজার। বিড়লা প্ল্যানেটেরিয়ামের অদূরে ক্যাথিড্রাল রোডে তৃণমূলের কালীঘাট শিবির, মেয়ো রোডে বিদ্রোহী তৃণমূল এবং শহিদ মিনারে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সমাবেশ হতে চলেছে।

    লালবাজার সূত্রের খবর, এই তিনটি জায়গা মিলিয়ে প্রায় এক হাজার পুলিশকর্মী থাকবেন। সকাল থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে। অন্তত পাঁচ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এইচআরএফএস, র‍্যাফের পাশাপাশি থাকতে পারে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীও।

    কালীঘাট শিবিরের ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার সন্ধ্যায় ক্যাথিড্রাল রোডে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি না পাওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি।

    বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং মোড়ে মোড়ে হচ্ছে। তাদের অনুমতি দেওয়া যায়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দেওয়া যায় না! এটা কোন ধরনের রাজনীতি?’ তাঁর সংযোজন, ‘আগামিকাল (মঙ্গলবার) আমাদের নতুন করে পথচলার দিন।... এখন আবার ওদের (বিদ্রোহীদের) সভা ভরাতে বিজেপি ঝাড়খণ্ড ও বিহার থেকে লোক ঢোকাচ্ছে।’ আজ কোনও কোনও মহল থেকে ‘চক্রান্ত’ হতে পারে বলেও দলের নেতা–কর্মীদের সতর্ক করেছেন মমতা।

    মেয়ো রোডে বিদ্রোহী শিবিরের প্রস্তুতি খতিয়ে দেখেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমরা। মমতার বক্তব্য নিয়ে ঋতব্রতর কটাক্ষ, ‘২১ জুলাই কমিশনের রিপোর্ট শুনে উনি তাল রাখতে পারছেন না। ঝাড়গ্রামের মানুষকে উনি ঝাড়খণ্ডের মানুষ বলে ভাবছেন, বাঁকুড়ার মানুষরে উনি বিহারের মানুষ বলে ভাবছেন! ২১ জুলাইয়ের সমাবেশ দেখে উনি আরও দিশেহারা হবেন।’

    সোমবার প্রবল বৃষ্টিতে শহিদ মিনার কর্দমাক্ত হয়ে পড়ায় কিছুটা চিন্তায় পড়েছেন কংগ্রেস নেতৃত্ব। যদিও কংগ্রেস নিশ্চিত, শহিদ মিনার উপচে পড়বে। তাদের সভায় অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি, ইশা খান চৌধুরী, শুভঙ্কর সরকার–সহ প্রদেশ নেতৃত্বে থাকবেন। দিল্লি থেকে পবন খেড়া, প্রকাশ জোশীরা থাকতে পারেন। ২১ জুলাইয়ের জন্য কালীঘাট ও বিদ্রোহী শিবির অনুরোধ করায় আজ বিধানসভায় দু’ঘণ্টার বিরতি থাকতে চলেছে।

  • Link to this news (এই সময়)