• মমতা-অভিষেককে একহাত নিয়ে দিলীপ ঘোষ: ‘অনেক ঢং করেছেন'
    আজকাল | ২১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: গত বছরের থেকে এবার ২১ জুলাইয়ের ছবিটা আমূল বদলে গিয়েছে। সেই ব্যস্ততা নেই, সকাল থেকে ট্রেনে-বাস সেই ভিড়ের ছবিটা নেই। তবে এবার কলকাতায় তিনটি দলের তরফে পালন করা হবে ২১ জুলাই।

    কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল এবং কংগ্রেসের তরফে পালন করা হবে শহিদ দিবস কর্মসূচি। অন্যদিকে, ২১ জুলাই পালন করা নিয়ে মমতা-অভিষেককে তীব্র আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

    তাঁর বক্তব্য, ‘এই করে এতদিন তৃণমূলের দোকান চলেছে। অন্যের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে শহিদ দিবস পালন করে রাজনীতি হয়েছে। শহিদ দিবসের যে দাদাগিরি, সারা কলকাতা জ্যাম করে ডিম-ভাত খাওয়ার উৎসবে এবার বন্ধ হওয়া উচিত।’

    প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে দিলীপ বলেন, ‘১৫ বছর ধরে আপনি ওদের নিয়ে অনেক ঢং করেছেন। শহিদদের পরিবারকে ডায়াসে তুলে সিমপ্যাথি অর্জন করে ইলেকশন জিতেছেন। ওদের জন্য কিছু করেননি।’

    উল্লেখ্য, ২১ জুলাইয়ের মঞ্চ ভেঙে দেওয়ার আশঙ্কা থেকে সোমবার রাতভর সভাস্থল পাহারা দিয়েছেন মমতা-অভিষেক। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘তদারকি করে কী হবে? লোক আসা চাই। কর্মীরা পার্টি ছেড়ে চলে গিয়েছে। সাংসদ, বিধায়করা চলে গিয়েছে। পার্টির আছেটা কী?’

    রাজ্যের মন্ত্রীর অভিযোগ, ‘উনি তো দুদিন ধরে সভাস্থলে গিয়ে ফটো তুলছেন। কেউ তো আটকায়নি, একটা ডিমও কেউ মারেনি। সেটা ওনার পাওনা আছে।’ তিনি বলেন, ‘কেউ পাত্তাই দেয় না ওদের। অনুষ্ঠানকে কেন বানচাল করব? বিজেপি বলেই অনুমতি দিয়েছে, সুরক্ষা দিয়েছে।’
  • Link to this news (আজকাল)