• ২১ জুলাইয়ের ভিড়ে তৃণমূলকে ছাপিয়ে গেল কংগ্রেস
    আজকাল | ২১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের রাজনৈতিক পালাবদলের প্রভাব এবার স্পষ্টভাবে ধরা পড়ল ২১ জুলাই শহিদ দিবসের চেনা ছবিতে। দীর্ঘ তিন দশক ধরে ২১ জুলাই মানেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর ১৯ নম্বর জাতীয় সড়কে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক বোঝাই বাসের দীর্ঘ লাইন এবং শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে উপচে পড়া ভিড়।

    কিন্তু এবার সেই চেনা ছবি কার্যত অতীত। মঙ্গলবার জাতীয় সড়কে তৃণমূলের বাস প্রায় চোখেই পড়েনি। তার পরিবর্তে কংগ্রেসের পতাকা লাগানো একের পর এক বাস ও গাড়ি কলকাতার উদ্দেশে যেতে দেখা গিয়েছে।

    পশ্চিম বর্ধমানের আসানসোল, জামুড়িয়া-সহ বিভিন্ন এলাকা থেকে কংগ্রেস কর্মী-সমর্থকদের নিয়ে এই বাসগুলি শহীদ দিবসের কর্মসূচিতে যোগ দিতে রওনা দেয়।

    প্রতি বছর ২১ জুলাইকে কেন্দ্র করে শক্তিগড়ে যে রাজনৈতিক আবহ তৈরি হত, সেখানে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। জাতীয় সড়কের ধারে বিখ্যাত ল্যাংচার দোকানগুলিতেও সেই পরিবর্তনের ছাপ স্পষ্ট।

    তৃণমূল সমর্থকদের ভিড়ের বদলে কংগ্রেস কর্মী-সমর্থকদের আনাগোনাই বেশি চোখে পড়ার মত। স্থানীয়দের একাংশের দাবি, রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলের প্রতিফলন এবার ২১ জুলাইয়ের রাস্তাঘাটের ছবিতেও স্পষ্ট।

    বহু বছর পর শহিদ দিবস উপলক্ষে জাতীয় সড়কে তৃণমূলের পরিবর্তে কংগ্রেসের উপস্থিতিই ২১ জুলাইয়ের সবচেয়ে উল্লেখযোগ্য দৃশ্য।
  • Link to this news (আজকাল)