• ২১ জুলাই কলকাতায় যান চলাচলে একগুচ্ছ নিষেধাজ্ঞা!
    আজকাল | ২১ জুলাই ২০২৬
  • গোপাল সাহা: ২১ জুলাই, মঙ্গলবার, তৃণমূলের শহিদ দিবস সমাবেশ উপলক্ষে কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণে একগুচ্ছ কড়া পদক্ষেপ করল লালবাজার। শহরের নিরাপত্তা রক্ষা ও সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ, মোটর ভেহিকল আইন ও ট্রাফিক বিধি মেনে একটি নির্দেশিকা জারি করেছেন।

    আগামী কাল, ২১ জুলাই, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় সাধারণ পণ্যবাহী বা মালবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ অথবা সীমিত থাকবে।

    তবে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পরিষেবাকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। গ্যাস সিলিন্ডার, সিএনজি, পেট্রল-ডিজেল, অক্সিজেন, ওষুধ এবং দুধ, মাছ, ফল ও আনাজপাতির গাড়ি স্বাভাবিকভাবেই চলতে পারবে।

    যেসব রাস্তায় পণ্যবাহী গাড়ি চলায় নিষেধাজ্ঞা থাকছে, তা হল-

     নিউ রোড

     ডাফরিন রোড

     হাসপাতাল রোড

     কুইন্সওয়ে

     চৌরঙ্গি রোড

     জওহরলাল নেহরু রোড (জে এল নেহরু রোড)

    সমাবেশের জেরে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও তার সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার কোনও ধরনের গাড়ি পার্কিং করা যাবে না।

    পার্কিং নিষিদ্ধ থাকছে যেসব জায়গায়, তা হল- এজেসি বোস রোডের হেস্টিংস মোড় থেকে ক্যাথেড্রাল রোড পর্যন্ত অংশ।

     হাসপাতাল রোড

     কুইন্সওয়ে

     ক্যাথেড্রাল রোড

     ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ

     লাভার্স লেন

    যানজট এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন অনুযায়ী শহরের প্রধান ও সংযোগকারী রাস্তাগুলি থেকে গাড়ি অন্য রাস্তায় ঘুরিয়ে দিতে পারবে কর্তব্যরত ট্রাফিক পুলিশ।

    এই বিশেষ নির্দেশিকাটি শুধুমাত্র ২১ জুলাইয়ের সমাবেশের জন্য জারি করা হয়েছে। তবে শহরে অন্যান্য দিনের যে স্বাভাবিক ট্রাফিক নিয়ম বা বিধিনিষেধ থাকে, সেগুলিও এর পাশাপাশি যথারীতি বজায় থাকবে।
  • Link to this news (আজকাল)