• মমতার সভার জন্য তৈরি হচ্ছিলেন, হঠাৎ বাড়িতে হাজির পুলিশ! থানায় গিয়ে বিপাকে প্রাক্তন বিধায়ক
    News18 বাংলা | ২১ জুলাই ২০২৬
  • ভোটের ফলপ্রকাশের পর দলের অনেক নেতাই শিবির বদল করলেও এখনও কালীঘাট পন্থী তৃণমূলের সঙ্গেই রয়েছেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার৷ কিন্তু ২১ জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের সভায় আসার আগেই প্রাক্তন বিধায়ককে থানায় নিয়ে গেল পুলিশ৷ আপাতত সেখানেই আটকে রয়েছেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক৷ ফলে শেষ পর্যন্ত তিনি কলকাতার সমাবেশে আসতে পারবেন কি না, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়৷

    জানা গিয়েছে, এ দিন সকালে কলকাতার সমাবেশে যোগ দিতে আসবেন বলে তৈরি হচ্ছিলেন অসিত মজুমদার৷ তখনই প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে হাজির হয় পুলিশের একটি দল৷ প্রাক্তন বিধায়ককে চুঁচুড়া থানায় নিয়ে আসে পুলিশ৷

    পুলিশ সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে, কয়েকদিন আগে সিবিআই পরিচয় দিয়ে অসিতের বাড়ি গিয়ে হুমকি এবং ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগে হাবরা থেকে এক যুবককে গ্রেফতার করে এনেছে চুঁচুড়া থানার পুলিশ।তাকে চিহ্নিত করতেই অসিতকে ডাকা হয়েছে। কিন্তু থানায় যাওয়ার পর প্রাক্তন তৃণমূল বিধায়ককেই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া কয়েকটি অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করেছে বলে খবর৷

    বিধানসভা নির্বাচনের পরই রাস্তা অবরোধ সহ কয়েকটি অভিযোগের ভিত্তিতে অসিত মজুমদারকে গ্রেফতার করেছিল পুলিশ৷ পরে জামিন পান তিনি৷ পুলিশ সূত্রে খবর, এ দিন ফের অন্য কয়েকটি মামলায় আটক করা হয়েছে প্রাক্তন বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অসিত মজুমদারকে।

    অভিযোগ, গত ২৯ জুন অসিত মজুমদারের বাড়িতে আসে ওই যুবক। নিজেকে সিবিআই অফিসের কর্মী বলে পরিচয় দেয়। প্রাক্তন বিধায়কের দাবি, ‘যুবকটি বলে আপনার বিরুদ্ধে অভিযোগের ফাইল দিল্লি CBI অফিসে চলে গেছে। দিল্লি গিয়ে ডাইরেক্টরেটের সঙ্গে দেখা করুন। না হলে পালিয়ে যান।’ এই কথা বলে ওই অভিযুক্ত দু’দিন অসিতবাবুর বাড়িতে আসে। কিন্তু নিজের নাম-মোবাইল নম্বর দিতে চায়নি সে।

    অসিত বাবু বলেন, ‘তার ছবি তোলা হচ্ছে বুঝতে পেরেই ওই যুবক পালিয়ে যায়। সিবিআই পরিচয় দিয়ে বাড়িতে এসে ‘দিল্লি নিয়ে যাবে’ বলায় আমি নিরাপত্তার অভাব বোধ করছি।’ বাড়ির সিসি ক্যামেরায় তোলা যুবকের ছবি দিয়ে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রাক্তন বিধায়ক।

    অভিযুক্তকে ধরতে পুলিশের একটি বিশেষ টিম রওনা দেয় উত্তর চব্বিশ পরগণার হাবরায়। অবশেষে হাবরা স্টেশন থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রকাশ রায়কে। গতকাল সন্ধ্যায় তাকে চুঁচুড়া থানায় আনা হয়েছে। মঙ্গলবার তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে।

    পুলিশ সূত্রে খবর, প্রকাশ রায়ের বিরুদ্ধে আগেও একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। এর আগেও গ্রেফতার হয়েছিল প্রকাশ।কেন সে ভুয়ো সিবিআই অফিসার সেজে প্রাক্তন বিধায়কের বাড়িতে ঢুকেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

    যদিও ধৃতের দাবি, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমি কোর্টে মুহুরির কাজ করি। তৃণমূলের আমলেও আমাকে বিভিন্ন মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছিল।’
  • Link to this news (News18 বাংলা)