• সংসদে আসন বদলে গেল অভিষেকের, মমতা শিবিরের সঙ্গে দূরত্ব রাখতে চায় NCPI-তে যোগদানকারী সাংসদরা
    এই সময় | ২১ জুলাই ২০২৬
  • এই সময়, নয়াদিল্লি: সংসদীয় দলে ভাঙনের পরে এ বার বদল হলো লোকসভায় আসন বিন্যাসও। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার অফিস থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগদানকারী ২০ জন সাংসদ তাঁদের দাবি মতো লোকসভায় আলাদা বসবেন৷

    এখনও মমতা শিবিরে থাকা আট জন সাংসদের সঙ্গে তাঁদের দূরত্ব থাকবে৷ সোমবার লোকসভা শুরুর মুহূর্তেই দেখা যায়, বিরোধী বেঞ্চের প্রথম সারিতে যেখানে বসতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে বসেছেন এনসিপিআই দলের সংসদীয় নেতা, বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের লোকসভার দলনেতা থাকাকালীন এই আসনেই বসতেন সুদীপ৷

    উল্লেখ্য, রবিবার সরকারের ডাকা সর্বদল বৈঠকের পরেই সুদীপ প্রশ্ন তুলেছিলেন, এনডিএ শিবিরের অন্যতম বৃহত্‍ দল হিসেবে এনসিপিআই-কে সামনের সারিতে জায়গা না দিয়ে কেন মমতাপন্থী তৃণমূলের মতো ছোট দলকে সামনের সারিতে বসার সুযোগ দেওয়া হবে? সোমবার দেখা গেল, এনসিপিআই-র দলনেতা হিসেবে সুদীপের জন্যই বরাদ্দ করা হয়েছে প্রথম সারির আসন৷

    অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসতে হবে বিরোধী শিবিরের দ্বিতীয় সারিতে৷ সংসদীয় সূত্রের দাবি, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় সারির যে ২৮২ নম্বর আসনে বসতেন, এ বার সেই আসনেই বসবেন অভিষেক৷ এই আসন বদল নিয়ে বঙ্গ–বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের কটাক্ষ, ‘কোরাপশন সিন্ডিকেট এবং ডিজেবাবুদের দিন শেষ৷ মানুষ এঁদের প্রত্যাখ্যান করেছে৷ এঁদের তো লাস্ট রো-তে বসা উচিত৷’

  • Link to this news (এই সময়)