শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে মঙ্গলবার সকালে কলকাতামুখী আশিস বন্দ্যোপাধ্যায়। রাস্তায় বিড়ম্বনায় পড়তে হলো প্রাক্তন মন্ত্রীকে। একদিকে সাংবাদিকদের প্রশ্ন, অন্যদিকে বিজেপি নেতার প্রশ্ন। প্রশ্নবাণে বিদ্ধ আশিস কোনও মতে চা পান করে গাড়িতে উঠে ধাঁ।
কলকাতায় শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট থেকে যাওয়ার সময়ে বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচা হাবে তিনি গাড়ি দাঁড় করান। সেখানে চা পান করছিলেন তিনি। সেখানে সাংবাদিকরা বার বার তাঁকে জিজ্ঞাসা করেন, কোন ২১ জুলাইয়ের মঞ্চে যাবেন তিনি?
সদা হাস্যমুখ আশিস হাসিকে হাতিয়ার করেই এড়িয়ে যান সাংবাদিকের প্রশ্ন। এড়িয়ে যান বর্ধমান উত্তর বিধানসভার ৬ নম্বর মণ্ডলের সভাপতি সৌমিত্র ঘোষকেও। পরে সৌমিত্র বলেন, ‘জিজ্ঞাসা করলাম এত বছর চুরি-চামারি করে এখন কী করতে যাচ্ছেন? আপনারা এতদিন ধরে মানুষকে শহিদ করেছেন! ২০২১ সালের ২ মে-র পর থেকে কত লোক যে শহিদ হয়েছে, আপনারা আবার যাচ্ছেন শহিদ দিবস পালন করতে? তিনি কোনও উত্তরই দিতে পারেননি। গাড়ি ঘুরিয়ে চলে গেলেন।’
বিজেপির দাবি, ‘ওদের তো কোনও দিনই লোক ছিল না। জোর করে নিয়ে যেত। এখন আবার দু’টো দল। নিচুতলার কর্মীরা বুঝতেই পারছেন না কার তৃণমূলে যাবেন? আজ তো পুরো ফাঁকা। আমরা ভেবেছিলাম সরবত খাওয়াব।’
ঘরে ভাঙনের পরে প্রথম ২১ জুলাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনও যাঁরা থেকে গিয়েছেন, তাঁরা বিড়লা তারামণ্ডলের পাশেই ক্যাথিড্রাল রোডে এ দিন সভা করছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির সভা করছে মেয়ো রোডে। ইতিমধ্যেই ঋতব্রতর শিবিরে নাম লিখিয়েছেন আশিস। এ দিন সেই অনুষ্ঠানেই যোগ দিতে কলকাতার দিকে রওনা হন তিনি।
FAQ
আশিস বন্দ্যোপাধ্যায় কোথায় যাচ্ছিলেন?
শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রামপুরহাট থেকে কলকাতায় যাচ্ছিলেন।
শক্তিগড়ে ঠিক কী ঘটেছিল?
ল্যাংচা হাবে চা খেতে থামলে বিজেপি নেতা সৌমিত্র ঘোষের প্রশ্নের মুখে পড়েন আশিস, যার কোনও উত্তর না দিয়েই তিনি গাড়িতে উঠে চলে যান।
সৌমিত্র ঘোষ কে এবং তিনি কী বলেছিলেন?
তিনি বর্ধমান উত্তর বিধানসভার ৬ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি এবং আশিসকে প্রশ্ন করেন, বছরের পর বছর দুর্নীতি করে এখন তিনি কেন শহিদ দিবস পালন করতে যাচ্ছেন?
এই বছরের ২১ জুলাই কেন আলাদা?
তৃণমূলের ভাঙনের পর এটাই প্রথম ২১ জুলাই, যেখানে মমতা-শিবির বিড়লা তারামণ্ডলের সামনে এবং ঋতব্রত-শিবির মেয়ো রোডে পৃথক সভা করছে।
আশিস বন্দ্যোপাধ্যায় এখন কোন শিবিরে?
তিনি ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন।
এই পরিস্থিতি নিয়ে বিজেপির প্রতিক্রিয়া কী?
বিজেপির দাবি, তৃণমূল দুই ভাগে বিভক্ত হওয়ায় নিচুতলার কর্মীরা বিভ্রান্ত এবং আজকের অনুষ্ঠানে কোনও লোকই হবে না।