কলকাতার তারামণ্ডলের পাশে ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের ২১ জুলাইয়ের যে সভা হচ্ছে, মঙ্গলবার সকালে সেখানেই যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে অসিত গত ৩১ মে গ্রেপ্তার হয়েছিলেন। পুলিশের কাজে বাধা, তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও গ্রেপ্তারির ১৯ দিন পরে তিনি জামিনে জেল থেকে মুক্তি পান। মঙ্গলবার আবার গ্রেপ্তারির পরে অসিত বলেন, ‘সবই আমার ভাগ্যের দোষ।’
অসিত ঘনিষ্ঠদের অভিযোগ, মমতার সভায় যাওয়ার জন্য রওনা হচ্ছিলেন প্রাক্তন বিধায়ক। সেই সময়েই তাঁর বাড়িতে হাজির হয় চুঁচুড়া থানার পুলিশের একটি দল। তার পরে অসিতকে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়। দলীয় কর্মীদের অভিযোগ ছিল, অসিতকে মমতার সভায় যেতে বাধা দিতেই তাঁকে চুঁচুড়া থানায় অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে। অসিত ঘনিষ্ঠেরা দাবি করেছিলেন, পুলিশের থেকে তাঁরা জানতে পেরেছেন সিবিআই পরিচয় দিয়ে অসিতের বাড়ি গিয়ে হুমকি-ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগে হাবরা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে চুঁচুড়া থানার পুলিশ। তাঁকে শনাক্ত করতে অসিতকে থানায় ডাকা হয়েছে।
চুঁচুড়ার কোদালিয়ায় যুব তৃণমূল সভাপতি পবিত্র মিস্ত্রি বলেন, ‘এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। ওঁর নেতৃত্বে দলীয় কর্মীরা ২১ জুলাইয়ের সভায় যাবেন বলে ঠিক ছিল। তা আটকাতেই এ সব করা হচ্ছে। যে ভাবে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমেছেন, সমাবেশে যাচ্ছেন, তাতে সরকার ভয় পেয়েছে। তাই সাতসকালে গিয়ে পুলিশ অসিত মজুমদারকে আটক করেছে। গ্রেপ্তারের পরোয়ানা ছাড়াই ওঁকে তুলে নিয়ে যাওয়া হয়। আমাদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।’