• নিউটাউনে এক পরিবারের একাধিক সদস্যকে খুন
    আজকাল | ২১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সেই নিউটাউন। আবারও ভয়ঙ্কর ঘটনায় শোরগোল ছড়াল এলাকায়। এবার জমি বিবাদকে কেন্দ্র করে পরপর একাধিক জনকে কুপিয়ে খুন। একই পরিবারে দু'জনকে কুপিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

    পুলিশ জানিয়েছে, নিউটাউনের নতুন পুকুর ছাতনায় জমি সংক্রান্ত বিবাদের জেরে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ। একই পরিবারে দুই সদস্যকে কুপিয়ে খুন করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাপি মিস্ত্রি নামের এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন মোজাফফর মিস্ত্রি, হোসেনারা বিবি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা বাপি মিস্ত্রির কাকাতো ভাই। জমি জায়গার সংক্রান্ত বিবাদের জেরেই খুনের ঘটনাটি ঘটেছে। 

    পুলিশের আশঙ্কা, জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করেই পারিবারিক অশান্তি ছিল। সেই অশান্তির জেরেই নিজের আত্মীয়ই ওই দু'জনকে কুপিয়ে খুন করেন। নেপথ্যে আর কোনও কারণ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

    প্রসঙ্গত, কয়েক ঘণ্টা আগেই নিউটাউনের চন্ডীবেরিয়ায় এক ফ্ল্যাট থেকে ২৫ বছরের তৃষা সাহা নামের এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে নিউটাউন থানার পুলিশ। ঘর থেকে উদ্ধার হয় তাঁর লিভ ইন সঙ্গীর রক্তাক্ত দেহ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যুবক। লিভ ইন সম্পর্কে অশান্তির কারণেই এই মর্মান্তিক পরিণতি বলে ধারণা পুলিশের। 
  • Link to this news (আজকাল)