• ‘স্রেফ ট্রেলার দেখেছেন’, টানা দ্বিতীয় দিন সংসদ অভিযানে ‘ককরোচ’, ফের উত্তপ্ত হবে রাজধানী?
    প্রতিদিন | ২১ জুলাই ২০২৬
  • সোমবার ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা। কিন্তু তাতেও ফল হল না। ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, মঙ্গলবারও তাঁরা সংসদ অভিযানে নামবেন। যন্তর মন্তর ছেড়ে যাওয়ার কথা মোটেই ভাবছেন না তাঁরা। অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনশনরত সোনম ওয়াংচুকও (Sonam Wangchuk) চালিয়ে যাবেন প্রতিবাদ।

    নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রীর ইস্তফা-সহ একাধিক দাবিতে সোমবার সংসদ অভিযান করেন ‘ককরোচ’রা (CJP Protest Delhi)। দিল্লি পুলিশের তরফে অনুমতি না দেওয়া হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকালে সংসদ অভিযান শুরু হয়। ‘আরশোলা’দের এই অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলে জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। প্রায় ৫০০০ পুলিশ ও আধা সেনা নামিয়ে কার্যত ঘিরে ফেলা হয় যন্তর মন্তর চত্ত্বর। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। আটক করা হয় ‘ককরোচ’দের শীর্ষ নেতৃত্বকেও।

    বিকেলে ‘ককরোচ’ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন নাড্ডা। তারপর এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী জানান, আন্দোলন প্রত্যাহার করতে অনুরোধ করা হয়েছে ‘ককরোচ’দের। কিন্তু প্রতিবাদীদের দাবি পূরণ নিয়ে কিছুই বলেননি নাড্ডা। তারপর হাসপাতাল থেকে সোনম জানিয়েছেন, আমি আমার অনশন চালিয়ে যাব। শান্তিপূর্ণভাবে আন্দোলনরত তরুণদের উপর যে নির্মম আচরণ করা হয়েছে, তা দেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত তরুণ নেতারা সংসদ ভবনে গিয়ে সাংসদদের সঙ্গে দেখা করার অনুমতি পাবেন বা তাঁরা আমার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, ততক্ষণ পর্যন্ত আমার অনশন চলবে।’

    রাত বাড়লে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ জানিয়েছেন, নাড্ডার সঙ্গে দেখা হলেও আন্দোলনের পথ থেকে সরে আসার কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার আবারও সংসদ অভিযান শুরু হবে। যতক্ষণ না ধর্মেন্দ্র ইস্তফা দিচ্ছেন আমরা আন্দোলন চালিয়ে যাব। তাঁর কথায়, “সোমবার যা হয়েছে সেটা তো স্রেফ ট্রেলার ছিল।” ইতিমধ্যেই যন্তর মন্তরের প্রতিবাদস্থল আবারও ‘দখল’ করেছে ককরোচ। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ৭০ জন প্রতিবাদীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ‘ককরোচ’দের বিক্ষোভে আবারও রণক্ষেত্র হয়ে উঠতে পারে রাজধানী। যেভাবে আন্দোলনকারীদের উপর লাঠি চালিয়েছে পুলিশ, সেই আচরণের তীব্র নিন্দা করেছেন রাহুল গান্ধী।
  • Link to this news (প্রতিদিন)