ফের গ্রেপ্তার অসিত, মমতার শহিদ সমাবেশে যাওয়ার আগে ধৃত হুগলি জেলা তৃণমূল সভাপতি!
প্রতিদিন | ২১ জুলাই ২০২৬
২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার আগে গ্রেপ্তার অসিত মজুমদার (Asit Mazumdar Arrested)। চুঁচুড়া থানায় তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগ। আদালতে তোলা হয়ে চুঁচুড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা মমতা তৃণমূলের সভাপতিকে। আদালত সূত্রের খবর, তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার সকালে হুগলি থেকে তারামণ্ডলে মমতার সভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অসিত। সেই সময় তার বাড়ির সামনে পুলিশ হাজির হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় থানায়। দীর্ঘক্ষণ তাঁকে আটক করে রাখা হয় বলে অভিযোগ। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, চুঁচুড়া থানার হারাগৌরীতলার বাসিন্দা জোৎস্না হাজরা অসিত মজুমদার ও চুঁচুড়া পুরসভার তৎকালীন চেয়ারম্যান গৌরিকান্ত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজির ও খুনের হুমকির অভিযোগ জানায়। অভিযোগ, ২০১৩ সালে নিজের একটি আবাসন প্ল্যান অনুমোদনের জন্য জমা দেন। অভিযোগ, অসিত ও গৌরিকান্ত একটি গ্যারেজ চাঁদু দাস নামে এক ব্যক্তির নামে বিনামূল্যে ‘দানপত্র’ করে দেওয়ার জন্য চাপ দেন। মহিলা পরে সেই দানপত্র ফিরিয়ে নিতে চাইলে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেই মামলায় তদন্তে নামে পুলিশ। আজ প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতে় পেশ করলে অসিতের জামিন মঞ্জুর করেছেন বিচারক।
উল্লেখ্য, গত ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগে প্রতিবাদে চুঁচুড়ায় রাস্তা অবরোধ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ও দলের কর্মীরা। সেই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন অসিত। পুলিশ ওই বিক্ষোভ তুলতে ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু পুলিশকে কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগও ওঠে! ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে চুঁচুড়া থানার পুলিশ। অসিত মজুমদার-সহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অসিত মজুমদার, চুঁচুড়ার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা ও তৃণমূল নেতা মির্জা সানোয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর জামিন পান। কিন্তু ফের ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় অসিতকে। পরে জামিন পান। এবার ফের গ্রেপ্তার হলেন অসিত মজুমদার।