• জ্বলছিল ইলেকট্রিক চুল্লি, ট্রলিতে ঢুকছিল দেহ! আচমকা মৃতের উপরে ঝাঁপ যুবকের, তারপর যা ঘটল...
    News18 বাংলা | ২১ জুলাই ২০২৬
  • নবদ্বীপ মহাশ্মশানে মৃতদেহ দাহের সময় ঘটে গেল শিউরে ওঠার মতো ঘটনা। মৃতদেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেন শ্মশানযাত্রী এক যুবক। শ্মশানকর্মী ও উপস্থিত অন্যান্য শ্মশানযাত্রীদের তৎপরতায় তাঁকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। আংশিক অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

    ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে নবদ্বীপ মহাশ্মশানে ঘটে। সূত্রের খবর, গেদে সীমান্ত এলাকা থেকে এক মহিলার মৃতদেহ দাহ করতে আনা হয়েছিল। মৃতদেহটি বৈদ্যুতিক চুল্লিতে প্রবেশ করানোর জন্য ট্রলিতে রাখা হয়েছিল। সেই সময় আচমকাই মৃতার নাতি ইন্দ্রজিৎ বিশ্বাস (৩০) ট্রলির উপর থাকা মৃতদেহের ওপর ঝাঁপিয়ে পড়েন। ট্রলিটি তখন ইতিমধ্যেই খোলা বৈদ্যুতিক চুল্লির ভিতরে ঢুকতে শুরু করেছে। মুহূর্তের মধ্যেই উপস্থিত মানুষের চিৎকারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    শ্মশানকর্মী এবং অন্যান্য শ্মশানযাত্রীরা দ্রুত চুল্লির সামনে পৌঁছে যুবককে টেনে বাইরে বের করে আনেন। তবে ততক্ষণে তাঁর চোখ, মুখ-সহ শরীরের কিছু অংশ অগ্নিদগ্ধ হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দ্রুত নবদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি এখন স্থিতিশীল রয়েছেন। এই ঘটনার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

    প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ঘটনার সময় যুবকটি মদ্যপ অবস্থায় ছিলেন। আবার পরিবারের তরফে অভিযোগ, তিনি অসুস্থ মানসিক অবস্থায় এমন কাণ্ড ঘটিয়েছেন। যদিও কোন পরিস্থিতিতে তিনি মৃতদেহের সঙ্গে চুল্লিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর নবদ্বীপ মহাশ্মশান চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উপস্থিত বহু মানুষ এই ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন। শ্মশানকর্মীদের দ্রুত পদক্ষেপের ফলেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট মহল খোঁজখবর শুরু করেছে।
  • Link to this news (News18 বাংলা)