সেকেন্ডেই চালকের কাছে চলে আসবে অ্যালার্ট! ট্রেনের ধাক্কা থেকে হাতি বাঁচাতে ডুয়ার্সে AI প্রযুক্তি
News18 বাংলা | ২১ জুলাই ২০২৬
সেকেন্ডের মধ্যে চালকের কাছে খবর! এবার AI-এর নজরে রেললাইন। সফল পরীক্ষার পরে বড় পদক্ষেপ৷ ডুয়ার্সের সমস্ত হাতি করিডরে বসছে AI প্রযুক্তি! ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা রুখতে অবশেষে আশার আলো দেখাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি।
আগে পরীক্ষামূলকভাবে কিছু হাতি করিডরে সফল হওয়ার পরে এবার এই ‘ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম’ (IDS) ধাপে ধাপে বসানো হচ্ছে বাকি সব হাতি করিডরেও। লাটাগুড়ি সহ শিলিগুড়ি-ডুয়ার্সের একাধিক গুরুত্বপূর্ণ করিডরে ইতিমধ্যেই এই কাজ শুরু হয়েছে।ডুয়ার্সের জঙ্গল চিরে চলে যাওয়া রেললাইনে দীর্ঘদিন ধরেই হাতির মৃত্যুর মর্মান্তিক ছবি সামনে এসেছে।
এতদিন বনদফতর ও রেলের মধ্যে সমন্বয় থাকলেও তা নির্ভর করত মোবাইল বা ওয়াকিটকির উপর, ফলে তথ্য পৌঁছাতে দেরি হওয়ায় অনেক সময় দুর্ঘটনা এড়ানো যেত না। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে আনা হয়েছে AI-ভিত্তিক IDS প্রযুক্তি।
আলিপুরদুয়ার রেল ডিভিশন সূত্রে জানা গেছে, সেবক থেকে আলিপুরদুয়ার পর্যন্ত বিস্তৃত এলাকায় এই প্রযুক্তি ধাপে ধাপে চালু করা হচ্ছে। আগের সাফল্যকে সামনে রেখে এবার পুরো করিডর জুড়ে এই ব্যবস্থা কার্যকর হলে, ভবিষ্যতে হাতির মৃত্যুর ঘটনা অনেকটাই কমবে বলেই আশা করা হচ্ছে।
এই বিষয় নিয়ে পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদার তিনি বলেন লাটাগুড়ি তথা ডুয়ার্স সংলগ্ন এলাকায় যে বনাঞ্চল রয়েছে যার মধ্যে রেললাইন প্রবেশ করেছে সমস্ত জায়গা গুলিতে যে জায়গা গুলি তার হাতির বেশি চলাচল রয়েছে সেই জায়গাগুলিতে এই সিস্টেম গুরুত্ব দিয়ে বসানো উচিত তাহলেই অনেকটাই কমে আসবে রেলে কাটা পড়বে অনেকটাই বন্যপ্রাণ।