• ডিউটিতে গাফিলতি বরদাস্ত নয়! তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে চিকিৎসকদের সতর্কবার্তা
    News18 বাংলা | ২১ জুলাই ২০২৬
  • : পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নীত হয়েছে আগেই। কিন্তু এই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে এখনও নানা ঘাটতি রয়েছে। ফলে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। এখন সেই সব অভিযোগ দূর করতে প্রশাসন উদ্যোগী হয়েছে। এখনও ভারী বৃষ্টি হলে মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে জমে যায় জল। যত্রতত্র নোংরা আবর্জনা। আবার কখনও হাসপাতালের ভিতরে বিভিন্ন ওয়ার্ডে চড়ে বেড়াচ্ছে কুকুর ও বিড়াল। সব মিলিয়ে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ রোগী ও রোগীর পরিবারদের। এবার তাই আসরে নামল প্রশাসন।

    তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতি মাসে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা বৈদ্যুতিক বিলের বদলে সোলার বসানোর চিন্তাভাবনা, কর্মরত চিকিৎসকেরা যাতে সরকারি দায়িত্ব পালনে কোনও গাফিলতি না হয়, সে বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক-সহ দীর্ঘদিনের পরিকাঠামোগত ও পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হল। এমনকি হাসপাতাল চত্বর ঘুরে বিভিন্ন সমস্যাও খতিয়ে দেখেন আধিকারিকেরা। সিদ্ধান্ত হয়েছে, জরুরি সমস্যাগুলির সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে সাত দিনের মধ্যে কার্যকরী রূপরেখা তৈরি করতে হবে।

    পাশাপাশি, প্রতি দু’মাস অন্তর অগ্রগতি পর্যালোচনার জন্য একই ধরনের বৈঠক হবে। মেডিক্যাল কলেজ সূত্রে জানা যায়, এদিন একাধিক সমস্যা আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে হাসপাতাল চত্বরে জমে থাকা আবর্জনা, মর্গে দীর্ঘদিন ধরে পড়ে থাকা দাবি না করা মৃতদেহের দ্রুত সৎকারের ব্যবস্থা, বর্ষায় জরুরি বিভাগের সামনে জল জমার সমস্যা, ক্ষতিগ্রস্ত এক্স-রে বিভাগ সংস্কার, ব্লক হওয়া শৌচাগার মেরামত, ভবঘুরে কুকুর-বিড়ালের উপদ্রব নিয়ন্ত্রণ এবং পানীয় জলের পরিকাঠামো উন্নয়ন। পুরনো ও ঝুঁকিপূর্ণ জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) কাঠামো ভেঙে নতুন আন্ডারগ্রাউন্ড জলাধার তৈরির বিষয়েও আলোচনা হয়েছে।

    সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা যাতে নির্ধারিত সময়ে পরিষেবা দেন এবং সরকারি দায়িত্ব পালনে কোনও গাফিলতি না হয়, সে বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। হাসপাতালের পরিকাঠামো সম্প্রসারণের প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত জানান, “মেডিক্যাল কলেজে গ্রাউন্ড ফ্লোর সহ নয় তলা বিল্ডিং নির্মাণের প্রস্তাব ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। সেটি দ্রুত অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।” বর্তমানে এই মেডিক্যাল কলেজের এমবিবিএস আসন সংখ্যা ১০০ থেকে বেড়ে হয়েছে ১৫০। জেলা প্রশাসনের লক্ষ্য একটাই— তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে আধুনিক, জনমুখী এবং উন্নত পরিষেবার আদর্শ হাসপাতালে পরিণত করা।
  • Link to this news (News18 বাংলা)