• স্নান সেরে ফেরার পথে চরম বিপর্যয়! অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে কী হল? জানলে চোখে জল আসবে
    News18 বাংলা | ২১ জুলাই ২০২৬
  • পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত জামনা গ্রাম পঞ্চায়েতের কানপুর এলাকায় এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ভাই-বোনেদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু হল অষ্টম শ্রেণির এক ছাত্রীর। মৃতের নাম প্রিয়াঙ্কা মাঝি। সে মন্তেশ্বরের কানপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ প্রিয়াঙ্কা তার ভাই-বোন এবং পরিবারের আরও কয়েকজনের সঙ্গে বাড়ির কাছের একটি পুকুরে স্নান করতে গিয়েছিল।

    স্নান শেষে সবাই একসঙ্গে বাড়ির উদ্দেশে ফিরছিল। পরিবারের সদস্যদের কথায়, ফেরার সময় প্রিয়াঙ্কা সবার পিছনে হাঁটছিল। ঠিক সেই সময় আচমকাই প্রবল বজ্রপাত হয়। বজ্রের আঘাত সরাসরি প্রিয়াঙ্কার গায়ে লাগে। মুহূর্তের মধ্যেই সে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে থাকা অন্যরা আতঙ্কে ছিটকে গেলেও তাঁদের কারও গুরুতর আঘাত লাগেনি। চোখের সামনে এমন ভয়াবহ ঘটনা ঘটতে দেখে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। দ্রুত প্রিয়াঙ্কাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।

    এক মুহূর্তে হাসিখুশি একটি পরিবারের জীবনে নেমে আসে গভীর অন্ধকার। মৃত ছাত্রীর বাবা আসিস মাঝি বলেন, “সোমবার দুপুরে ও ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়েছিল। স্নান করে সবাই যখন বাড়ি ফিরছিল, তখন ও সবার পিছনে হাঁটছিল। হঠাৎ করে বজ্রপাত হয়, আর বাজটা সরাসরি আমার মেয়ের গায়ে লাগে। সঙ্গে যারা ছিল, তাদের কারও কিছু হয়নি। চোখের সামনে আমার মেয়েটাকে হারালাম। এখনও বিশ্বাস করতে পারছি না।”

    ঘটনার খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মঙ্গলবার দেহটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রিয়াঙ্কার অকাল মৃত্যুতে কানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং গোটা গ্রাম শোকাহত। যে মেয়েটি প্রতিদিন বই-খাতা নিয়ে স্কুলে যেত, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখত, সেই স্বপ্ন এক মুহূর্তে থেমে গেল প্রকৃতির নির্মম রোষে। কানপুর গ্রামে এখন শুধুই কান্না আর শোকের আবহ। পরিবারের আর্তনাদে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা।
  • Link to this news (News18 বাংলা)