• ‘ওখানে তো সার্কাস চলছে’, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের পৃথক দু’টি সভাকে তীব্র কটাক্ষ অধীরের
    এই সময় | ২১ জুলাই ২০২৬
  • সোমবার রাতেও বৃষ্টি হয়েছে। শহিদ মিনার চত্বরে প্যাচপ্যাচে কাদা। কোথাও জল জমে রয়েছে। তার মধ্যেই মঙ্গলবার ধুমধাম করে ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন করল কংগ্রেস। মালদা, মুর্শিদাবাদ, রায়গঞ্জ-সহ একাধিক জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের সামনে তৃণমূলের পৃথক দু’টি সভাকে আক্রমণ করে অধীররঞ্জন চৌধুরী বলে দিলেন, ‘ওখানে সার্কাস চলছে।’

    কলকাতায় ২১ জুলাই মানেই স্তব্ধ রাজপথ। বন্ধ যান চলাচল। তবে এ বার ছবিটা একেবারেই অন্য। একই শহরে কয়েক কিলোমিটারের ব্যবধানে তিনটি সভা দেখল তিলোত্তমা। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সভায় আয়োজন করেছিলেন বিদ্রোহী তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সেখানে তৃণমূলের একাধিক নেতা-বিধায়ক উপস্থিত ছিলেন। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সবাইকে চমকে দিয়ে শহিদ মিনার চত্বরে বিশাল সমাবেশের আয়োজন করে কংগ্রেস।

    জেলা থেকে কলকাতামুখী বাসে-ট্রেনে শহিদ মিনার চত্বরে এসে হাজির হন কংগ্রেসের কর্মী-সমর্থকরা। দুপুর ১২টা নাগাদ শুরু হয় শহিদ স্মরণ। বেশ কিছুক্ষণ পরে মঞ্চে উপস্থিত হন অধীররঞ্জন চৌধুরী। তাঁকে দেখেই হাততালিতে ফেটে পড়েন উপস্থিত জনতা। কর্মীদের উদ্দেশে অধীর বলেন, ‘গোটা দেশেই পরিবর্তনের হাওয়া বইছে। আর নরেন্দ্র মোদী নন, এ বার রাহুল গান্ধীর নেতৃত্বে সরকার গঠন করবে কংগ্রেস।’ তাঁর সাফ কথা, ‘এ বার কংগ্রেসের প্রত্যাবর্তন হবে।’

    এ দিন তৃণমূলকেও তীব্র আক্রমণ করেন তিনি। মেয়ো রোড এবং বিড়লা প্ল্যানেটোরিয়ামে তৃণমূলের ২১ জুলাইয়ের সভাকে ‘সার্কাস’ বলে কটাক্ষ করেন তিনি। অধীর বলেন, ‘ওখানে সার্কাস চলছে।’ একই সঙ্গে এই সভা তৃণমূলের বার্ষিক উৎসবে পরিণত হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি। রামমন্দিরের অনুদান তছরূপের অভিযোগ নিয়ে কেন্দ্র ও বিজেপিকে আক্রমণ করে অধীর বলেন, ‘ভক্তদের দানের টাকা লুট করেছে। দামী গাড়ি চাপছে। প্রাসাদের মতো বাড়ি করেছে।’

    শুধু অধীর নন, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেন দীপা দাশমুন্সি, মৌসম বেনজ়ির নুররাও। দীপা বলেন, ‘আজ আমরা প্রকৃত শহিদ দিবস পালন করছি। অন্যান্য বার এই সভা মমতার অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছিল।’ বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে বলেও তোপ দাগেন তিনি। কংগ্রেস কর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা দেন মৌসমও। তবে তৃণমূলের দু’টি সভা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

  • Link to this news (এই সময়)