কলকাতার রাস্তায় ফিরছে ৫০টি নতুন এসি! কোন কোন রুটে?
আজকাল | ২২ জুলাই ২০২৬
দীক্ষা ভুঁইয়া: দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, কলকাতার রাস্তায় সরকারি বাসের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। সরকার পরিবর্তনের পর সেই পরিস্থিতি বদলানোর উদ্যোগ নিল রাজ্য সরকার।
গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকার জন্য ৫০টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের উদ্বোধন করা হয়েছে।
পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন বহরে রয়েছে ৪৩টি এসি সিএনজি বাস এবং ৭টি ১২ মিটার দীর্ঘ এসি বৈদ্যুতিক (ইলেকট্রিক) বাস।
এই বাসগুলি কেনার জন্য রাজ্য সরকারের মোট ব্যয় হয়েছে ৪২.২২ কোটি টাকা। এর মধ্যে ৭টি ইলেকট্রিক বাস কিনতে খরচ হয়েছে ৮.১৭ কোটি টাকা, আর ৪৩টি এসি সিএনজি বাসের জন্য ব্যয় হয়েছে ৩৪.০৫ কোটি টাকা।
পরিবহণ দপ্তরের দাবি, নতুন এই ৫০টি বাস কলকাতা ও সংলগ্ন এলাকার ২৪টি রুটে চালানো হবে। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের নানা সামাজিক সুরক্ষা প্রকল্পে ভাতা বৃদ্ধির পথে হেঁটেছে বিজেপি সরকার। আশাকর্মী থেকে অঙ্গনওয়াড়ি কর্মী- সকলেরই পারিশ্রমিক বাড়ানো হয়েছে।
এ বার সরকারি বাসের কন্ডাক্টরদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, এ বার থেকে বাস চালকদের সমান বেতন পাবেন কন্ডাক্টররাও।
যাত্রীস্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এক গুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তারই অংশ হিসেবে সম্প্রতি ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আগের সরকারের আমলে ড্রাইভার ও কন্ডাক্টরদের থার্ড পার্টিকন্ট্রাক্টরের মাধ্যমে নিয়োগ করা হয়েছিল। ২০২৫ সালে চালকদের বেতন বাড়ালেও কন্ডাক্টরদের ক্ষেত্রে তা করা হয়নি। আমরা এই বৈষম্য দূর করছি। কন্ডাক্টররাও এবার থেকে চালকদের সমান বেতন পাবেন। অগাস্ট থেকেই এই নতুন হার কার্যকর হবে।”