• সিকিম সুড়ঙ্গ বিপর্যয়ে তড়িঘড়ি 'লোক' পাঠালেন শুভেন্দু
    আজকাল | ২২ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: সিকিমের নামচি জেলার সমরদুং-ঝোলুং এলাকার এনএইচপিসি-র তিস্তা স্টেজ–VI জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করল পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিদল।

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রতিনিধিদলটি দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজের অগ্রগতি খতিয়ে দেখেন। প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন বিধায়ক পুনা ভেংরা, পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা প্রতিরক্ষা দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা এবং অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের কাছ থেকে উদ্ধার অভিযান ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

    রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার উপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়মিত নজর রাখছেন। তিনি সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে)-এর সঙ্গে টেলিফোনে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং প্রয়োজনীয় সব ধরনের সমন্বয় ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

    এই দুর্ঘটনায় প্রাণ হারানো শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

    এছাড়াও এনডিআরএফ, এসডিআরএফ, প্রশাসন, পুলিশ, দমকল বাহিনী এবং উদ্ধারকাজে নিয়োজিত সমস্ত সংস্থার সাহস, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের প্রশংসা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, এই কঠিন সময়ে সিকিমের মানুষের পাশে থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত।
  • Link to this news (আজকাল)