• মমতার আছে কর্মীরা, ঋতব্রতর কমিশন! 'আসল' তৃণমূল কার?
    আজকাল | ২২ জুলাই ২০২৬
  • রিয়া পাত্র: মমতা ব্যানার্জির সভা বনাম ঋতব্রত ব্যানার্জির সভা। রাজনৈতিক মহলের মত ছিল, হারের পর, দু'ভাগে ভাগ হওয়ার পর, কার আদতে কী আছে, সেই শক্তি প্রমাণের দিন আজ। কমিশনের বাইরে, আজই অ্যাসিড টেস্ট। বিকেল তিনটের পর থেকে চলছে কাঁটাছেঁড়া। কার দিকে ভিড় জমল বেশি? কেউ বলছেন 'ঋতব্রতদের মঞ্চ দেখেছেন? সব হেভিওয়েট নেতা নেত্রীরা সেখানেই। অনুব্রত থেকে ঋতব্রত। দুই অরূপ, চন্দ্রিমা, মদন, শান্তনু, কে নেই সেখানে? মমতার মঞ্চে  এতদিনের সঙ্গীরা কই?' পালটা উত্তরে কালীঘাট শিবিরের সমর্থক বলছেন, 'মমতার মঞ্চের সামনের ভিড় দেখেছেন? মমতা মানেই তৃণমূল, তৃণমূল মানেই মমতা, প্রমাণিত হল আজ।' অন্যদিকে প্রশ্ন উঠছে, তাহলে যাঁরা গেলেন গান্ধীমূর্তির পাদদেশের সমাবেশে, তাঁরা কি তৃণমূলের কর্মী নন? ফলে এক দলের, দুই সভা প্রশ্ন তুলল একাধিক। 

    আদতে কী  হল তাহলে? কয়েক হাজার মানুষের সামনে মমতা আজ খানিক অক্সিজেন পেলেন? বললেন, 'আমাদের আন্দোলন সবে শুরু হয়েছে। আমার লড়াই এবং আমাদের সম্মিলিত লড়াই চলবে, যতদিন না আমরা দেখি ভয় দেখানো, অন্যায় এবং গণতন্ত্র ধ্বংসকারী শক্তিগুলোর পরাজয় হচ্ছে। সেই দিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ, দৃঢ় এবং এই লক্ষ্যে অবিচল থাকব।' শুধু এটুকুই নয়। প্রতীক-নাম-তহবিল নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন যেন। বলেন, 'আপনারা যদি ভাবেন, সরকারে আছেন বলে আমার দলের প্রতীক কেড়ে নেবেন, সেটা আমি কখনও মেনে নেব না। শেষ পর্যন্ত লড়াই করব। এই দল এবং এই প্রতীক তৈরি হয়েছে অসংখ্য কর্মীর রক্ত এবং অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে। দলের প্রতিষ্ঠাতা-সভাপতি হিসেবে আমি বলছি, আইনত কেউ আমাদের প্রতীক কেড়ে নিতে পারবে না। কেউ যদি চেষ্টা করে, তাহলে আমি সবকিছু ফিরিয়ে আনার জন্য লড়াই করব। মানুষ তাঁদের হৃদয় দিয়ে যা তৈরি করেছেন, সেটাই দলের প্রতীক, দলের সবচেয়ে বড় সম্পদ এবং তার চিরস্থায়ী উত্তরাধিকার।' বলছেন, তাঁরাই  আসল তৃণমূল। 

    দলের প্রতীক-তহবিল ইস্যু গড়িয়েছে বহুদূর। মমতা যখন দলের কর্মীদের কথা বলছেন, ঋতব্রত মনে করাচ্ছেন কমিশনের কথা। আজকাল ডট ইন-কে বলেন, 'দলের প্রতীক নিয়ে আমি কী বলব এখন। বিষয়তো কমিশনের অধীনে। কমিশন ঠিক করবে। আসল, নকলের সিদ্ধান্তও তারাই নেবে।' অন্যদিকে অভিষেকের 'বদরক্ত' মন্তব্যের পালটা দিয়েছেন। ঋতব্রত বলছেন, 'আগে অভিষেক ঠিক করুন কী বলতে চান। একদিন বলেন ফিরে আসতে, একদিন বলেন লুটেরা, একদিন বলেন বদরক্ত। ঠিক করতে হবে তাঁকে, কী বলবেন...'

    আজকের সভা অক্সিজেন দিল ঋতব্রত শিবিরে? উত্তর সদর্থক। বলছেন, 'ভিড় আশাব্যাঞ্জক।' সঙ্গেই বলছেন, বিড়লার সামনের জায়গা সংকীর্ণ বলেই, ভিড় মনে হচ্ছে বেশি।
  • Link to this news (আজকাল)