বিদ্যুৎ সাশ্রয়ে জোর! রাজ্য বাড়বে সৌরশক্তির ব্যবহার
আজকাল | ২২ জুলাই ২০২৬
দীক্ষা ভুঁইয়াঃ রাজ্যে পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়াতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সৌর শক্তির ব্যবহার বাড়ানো এবং সাধারণ মানুষের বিদ্যুৎ খরচ কমানোর জন্য রাজ্যে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হল কেন্দ্রের 'পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা'।
আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানোর জন্য রাজ্য সরকার অতিরিক্ত আর্থিক সহায়তা দেবে। যাতে আরও বেশি পরিবার এই উদ্যোগে অংশ নিতে পারে, সে কারণেই আর্থিক সহায়তার প্রতিশ্রুতি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ১০০ ইউনিট ক্ষমতার সৌরবিদ্যুৎ সংযোগ স্থাপনে রাজ্য সরকার ৩০ হাজার টাকা ভর্তুকি দেবে। পাশাপাশি, আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য অতিরিক্ত সহায়তার বিষয়েও সরকার সক্রিয়ভাবে ভাবনাচিন্তা করছে। খুব শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, দেশের বিভিন্ন রাজ্যে এই প্রকল্প ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে বাস্তবায়িত করা হয়েছে। যা সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে মহারাষ্ট্রে এর ব্যাপক গ্রহণযোগ্যতা। পশ্চিমবঙ্গের জন্য প্রথম পর্যায়ে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে ১ লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে রাজ্য ইতিমধ্যেই কেন্দ্রের কাছে সেই সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েছে।
মুখ্যমন্ত্রীর কথায়, "প্রধানমন্ত্রী ঘোষিত এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাতে আরও বেশি পরিবার সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত হয়, তা-ই আমাদের লক্ষ্য।"