বিউ সরকারঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় এ বার তলব করা হল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। আগামী সপ্তাহে ২৯ শে জুলাই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
সম্প্রতি মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছে ইডি। কামারহাটি পুরসভায় দুর্নীতি হয়েছে এই অভিযোগেই তলব এমনটাই সূত্রের খবর। চলতি সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি, হাজিরার দিন তাঁদের একাধিক নথিও সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ইডি সমন পাঠানোর পরই তৃণমূলের 'ঋতব্রত শিবিরে' আনুষ্ঠানিক ভাবে যোগ দেন তিনি।
ইডি-র তরফে অভিযোগ ১২৫ জনকে ঘুষের বিনিময়ে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থার তরফে এই ঘটনার তদন্তে দক্ষিণেশ্বর থেকে ভবানীপুর, মদনের একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয়।
উল্লেখ্য, গত জুন মাসেও মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালায় ইডি। কলকাতা ছাড়াও শহরতলির সাতটি জায়গায় তল্লাশি চালানো হয়। এমনকি তাঁর ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতেও হানা দেন ইডির আধিকারিকেরা। এ ছাড়াও দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটা অঞ্চলেও সেই সময় তল্লাশি চালায় ইডি।
এই একই মামলায় গত বছরের অক্টোবরে মদনের বাড়িতে তল্লাশি চালায় সিবিআইও। সেই সময়ে তাঁর বাড়িতে টানা পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা।
এ দিকে, আজই তাঁকে আইনি নোটিস পাঠিয়েছেন তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি। গত ১৯ জুলাই সমাজমাধ্যমে একটি লাইভ ভিডিও চলাকালীন অভিষেককে 'অপরাধী' ও 'খুনি' আখ্যা দেন তিনি। তাঁর এই আপত্তিকর ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে কামারহাটির বিধায়ককে ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিষেকের আইনজীবী শ্রবণা সেনগুপ্ত ইমেইল ও স্পিড পোস্ট মারফর এই মানহানির নোটিশ পাঠিয়েছেন তাঁকে। আপাতত তাই সাঁড়াশি চাপে বিধায়ক মদন।