• ভবানীপুরকে দেওয়া কথা রাখছেন মুখ্যমন্ত্রী!
    আজকাল | ২২ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্কঃ এ বার নিজের বিধানসভা কেন্দ্রে উদ্বোধন করবেন বিধায়কের কার্যালয়। রাজ্যে পালাবদলের পরপরই ক্ষমতায় এসে গত জুনেই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় সেই প্রতিশ্রুতি মেনেই শুভেন্দু অধিকারী নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে উদ্বোধন করবেন বিধায়কের কার্যালয়।

    জানা গিয়েছে, এ দিন চক্রবেড়িয়া এলাকায় ৭০ নম্বর ওয়ার্ডে বিধায়কের কার্যালয়ের উদ্বোধন করা হবে। মুখ্যমন্ত্রী নিজেই এই উদ্বোধন করবেন। শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ভবানীপুরের বাসিন্দাদের যে কোনও সমস্যার সমাধান মিলবে এই কার্যালয় থেকে। সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট ফোন নম্বর এবং ইমেল আইডি চালু করার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

    তাঁর ঘোষণা অনুযায়ী, রাজ্যের প্রতিটি ওয়ার্ডেই বিধায়কের কার্যালয় খোলা হবে। এবার ৭০ নম্বর ওয়ার্ডেই সেই কার্যালয়ের শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ফলে এলাকার সাধারণ মানুষ তাঁদের সমস্যার কথা সেখানে গিয়ে খোলাখুলি জানাতে পারবেন।

    সূত্রের খবর, এই কার্যালয়ে ৭০ নম্বর ওয়ার্ডের ভবানীপুরবাসীরা সেখানে গিয়ে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন। সেই কার্যালয়ে একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি থাকবেন। তিনিই সমস্ত বিষয় নজর রাখবেন। মুখ্যমন্ত্রী নিজেও মাঝে মাঝে সেই কার্যালয়ে থাকবেন এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

    উল্লেখ্য, গত জুন মাসেই এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণার সময় মুখ্যমন্ত্রী বলেন, "এই বিধায়ক সেবা কেন্দ্র থেকে ভবানীপুর বিধানসভার মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করা হবে। গত ১৫ বছর মানুষ বিধায়কের কাজ কী, তা ঠিক করে জানতেন না। তোলাবাজি, কাটমানি, কাউন্সিলর ও সিন্ডিকেট রাজ দেখেছেন রাজ্যের মানুষ। এখন একটা ঠিকানা দিলাম মানুষকে। গণতন্ত্রে জনগণের রায়ই শেষ কথা বলবে।'

    তিনি আরও জানান, এই কেন্দ্র থেকে সাধারণ মানুষের জন্য নানাবিধ পরিষেবা দেওয়া হবে। জরুরি প্রয়োজনে মানুষ নিজেই এখানে যোগাযোগ করতে পারবেন।

    মুখ্যমন্ত্রী বলেন, ‘বড় জায়গা না পেলেও একটা ঠিকানা দিতে পেরেছি। এখানে বিজেপির স্বেচ্ছাসেবক ও সাধারণ নাগরিকরা থাকবেন। সমাজের আর্থিকভাবে দুর্বল মানুষ থেকে শুরু করে যাঁরা বিধায়কের কাছ থেকে জরুরি পরিষেবা চান, তাঁরা সাহায্য পাবেন।’
  • Link to this news (আজকাল)