মদন মিত্রকে ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠালেন অভিষেক
আজকাল | ২২ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: এবার মদন মিত্রকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। গত ১৯ জুলাই সোশ্যাল মিডিয়ায় লাইভ চলাকালীন আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মদন মিত্রকে ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিষেকের আইনজীবী শ্রবণা সেনগুপ্তের মারফত ইমেইল ও স্পিড পোস্টের মাধ্যমে এই মানহানির নোটিশ পাঠানো হয়।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই মদন মিত্র তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রায় ৮ মিনিটের একটি লাইভ ব্রডকাস্ট করেন। ওই লাইভে তিনি অভিষেক ব্যানার্জিকে "অপরাধী" ও "খুনি" বলে বর্ণনা করেন। নোটিশে অভিযোগ করা হয়েছে, টাকা দিয়ে চুক্তিভিত্তিক খুনি বা ‘সুপারি’ দিয়ে মানুষ হত্যা করানো এবং অপরাধমূলক মানসিকতা থাকার মতো সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে, যা তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও মর্যাদাকে ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে।
এবিষয়ে মদন মিত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি এখনও কিছুই জানেন না। তার হাতে চিঠি এসে তারপর তিনি এর যোগ্য জবাব দেবেন। তবে চিঠি হাতে আসার পরই তিনি এবিষয়ে মন্তব্য করবেন তার আগে নয়।
প্রসঙ্গত, ২১-শের মঞ্চ থেকে অভিষেককে তীব্র আক্রমণ শানিয়েছেন মদন। অভিষেককে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, তাঁকে ধমকে-চমকে লাভ হবে না। ডায়মন্ড হারবার নিয়ে অন্যদের চমকানো গেলেও তাঁকে চমকানো যাবে না। সিপিএম আমলেও তাঁকে ভয় দেখিয়ে কিছু করা যায়নি বলে কটাক্ষ করেছেন মদন। সোমবারও ফেসবুক লাইভে এসে অভিষেককে আক্রমণ করেছিলেন মদন মিত্র। তিনি বলেন, “অভিষেক আপনি তো অপরাধী, খুনি! পয়সা নিয়ে খুন করেন, সুপারি কিলার। আপনার অপরাধপ্রবণতা রয়েছে।” এদিন অভিষেককে ক্ষমা চাওয়ার জন্য দুই ঘণ্টা ডেডলাইনও দিয়েছেন কামারহাটির বিধায়ক। তাঁর কথায়, “অভিষেক এক ঘন্টা সময় দিয়েছে। আমি এই মঞ্চে দাঁড়িয়ে দুই ঘণ্টা সময় দিচ্ছি। এই মঞ্চে এসে দাঁড়িয়ে স্বীকার কর আমার জন্য তৃণমূলের এই দশা, ক্ষমতা থাকলে স্বীকার কর।”