নিখোঁজের তিনদিন পর মিলল প্রৌঢ়ের দেহ, নির্জন পান বরজে কীভাবে পৌঁছলেন? বাড়ছে রহস্য
News18 বাংলা | ২২ জুলাই ২০২৬
গত রবিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। আত্মীয়স্বজনের বাড়ি থেকে শুরু করে পার্শ্ববর্তী গ্রাম হন্যে হয়ে খুঁজেও মিলছিলনা কোনও সন্ধান। শেষমেশ নিখোঁজের তিন দিন পর, বাড়ি থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে একটি পান বরজের পাশের জলাজমি থেকে উদ্ধার হল প্রৌঢ়ের নিথর দেহ। অল্প জলের মধ্যেই মুখ গুঁজে পড়ে ছিলেন তিনি।
ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার পাঁচলা থানার দেউলপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম অষ্টম পাত্র। জানা গিয়েছে, গত রবিবার বিকেলের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেও তাঁর কোনও হদিস পাননি পরিবারের সদস্যরা। বাধ্য হয়ে পাঁচলা থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়। এরপর মঙ্গলবার দুপুরে দেউলপুর মাখালতলা সংলগ্ন এলাকায় খোঁজ মিলেছে তাঁর।
টানা কয়েকদিনের বৃষ্টির পর নিজের পান বরজ দেখতে গিয়েছিলেন এক স্থানীয় কৃষক। তখনই তিনি বরজের পিছনের হাঁটু সমান কাদাজলে এক ব্যক্তিকে মুখগুঁজে পড়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যে এই খবর গ্রামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি অষ্টমবাবুর বলে শনাক্ত করেন।
সেই খবর পেয়ে পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এই মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে গভীর রহস্য। স্থানীয়দের দাবি, ঘন কাদা ও জল পেরিয়ে ওই নির্জন স্থানে পৌঁছনো এক তরতাজা যুবকের পক্ষেও অত্যন্ত কঠিন। সেক্ষেত্রে এক প্রৌঢ় সেখানে কীভাবে পৌঁছালেন, তা ভেবে পাচ্ছেন না কেউ। এটি দুর্ঘটনা নাকি এর পিছনে কোনও কারণ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।