• ইছাপুরে কিশোর এবং তার বান্ধবীকে গঙ্গায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, আটক দুই
    News18 বাংলা | ২২ জুলাই ২০২৬
  • ইছাপুরে গঙ্গায় ধাক্কা দিয়ে দুই তরুণ-তরুণীকে ফেলে দেওয়ার অভিযোগ, আটক দুই যুবক। উত্তর ২৪ পরগনার ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে চার বন্ধুর আড্ডা ঘিরে রহস্যজনক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    পরিবারের অভিযোগ, বচসার জেরে ১৮ বছরের এক কিশোর এবং তাঁর বান্ধবীকে গঙ্গায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন অভিষেক মণ্ডল ও ঐন্দ্রিলা কর্মকার। দেহ উদ্ধার না হওয়ায় এখনও চলছে খোঁজ। ঘটনার তদন্তে নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে তিন বন্ধু ও এক বান্ধবী মিলে ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে যান। সেখানে কোনও একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে বচসা শুরু হয়।

    অভিযোগ, সেই সময় অভিষেক মণ্ডলকে তাঁর দুই বন্ধু ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দেয়। ঘটনাটি প্রত্যক্ষ করেন তাঁদের সঙ্গেই থাকা ঐন্দ্রিলা কর্মকার। পরিবারের দাবি, ঘটনার প্রমাণ লোপাট করতেই ঐন্দ্রিলাকেও গঙ্গায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন অভিষেক ও ঐন্দ্রিলা। তাঁদের খোঁজে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা গঙ্গায় তল্লাশি চালাচ্ছেন। বিভিন্ন ঘাট পার্শ্বস্থ এলাকায় জোরদার অনুসন্ধান চলছে। ঐন্দ্রিলার পরিবারের অভিযোগ, তাঁকে নেশা করিয়ে পরিকল্পিতভাবে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনার জন্য তাঁরা সরাসরি দুই যুবককে দায়ী করেছেন।

    ইতিমধ্যেই নোয়াপাড়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করেছে। ধৃতদের মধ্যে আশুতোষের বাড়ি হিন্দমোটর, উত্তরপাড়ায় এবং অপর যুবক কুশল সাউয়ের বাড়ি ভাটপাড়ায়। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিতভাবে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে। নিখোঁজ দুই তরুণ-তরুণীর সন্ধানে তল্লাশি জারি গঙ্গায়।
  • Link to this news (News18 বাংলা)