ট্রেন-সড়কপথের দিন শেষ! দিল্লির ধাঁচে এবার আসানসোল-দুর্গাপুরেও ছুটবে 'সিটি মেট্রো', কবে হবে কাজ?
News18 বাংলা | ২২ জুলাই ২০২৬
: দিল্লির মতোই আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িতে মেট্রো চালু হবে, যে সিটি মেট্রো চালুর জন্য রাজ্য সরকার তোড়জোড় শুরু করে দিয়েছে। আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে বিশ্বব্যাঙ্ককে সঙ্গে নিয়ে প্রজেক্ট তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজ্যে সরকার বদলের পর প্রথম রাজ্য বাজেটেই আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়ি সিটি মেট্রো চালুর বিষয়ে বড় ঘোষণা করা হয়। সেই ঘোষণার পর এই দুই এলাকার মানুষরা একদিকে যেমন আনন্দে আত্মহারা, ঠিক সেই রকমই আবার তাদের মধ্যে চরম কৌতূহল, কবে চালু হবে মেট্রো পরিষেবা?
আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্প চালুর জন্য জোর কদমে কাজ চলছে বলেই জানা যাচ্ছে। এই মেট্রো প্রকল্প ভারত সরকারের আরবান ডেভেলপমেন্টের আওতায় হবে। ভারত সরকারের আরবান ডেভেলপমেন্টের অধীনে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, দিল্লি-সহ বিভিন্ন জায়গায় এমন বড় বড় মেট্রো প্রকল্প রয়েছে, যা স্টেট মেট্রো নামেও পরিচিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন ঘোষণার পাশাপাশি জানা যাচ্ছে, রাইটস নামে একটি বিশেষজ্ঞ সংস্থাকে কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা সম্পর্কিত সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়। যে সমীক্ষার কাজ এখন প্রায় শেষের দিকে। এরপরই শুরু হবে ডিপিআর তৈরীর কাজ।
আসানসোল ও দুর্গাপুর এই দুই শহরের মধ্যে সড়কপথে যাতায়াতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগে, অন্যদিকে ট্রেনেও যাতায়াতে সময় লাগে ৩০ মিনিটের বেশি। সেক্ষেত্রে এরিয়াল মেট্রো চালু হলে যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। পাশাপাশি এরিয়াল মেট্রো প্রথাগত ভূগর্ভস্থ ব্যবস্থার তুলনায় অনেকটাই সাশ্রয়ী প্রকল্প। প্রকল্পের কাজ কবে শুরু হবে অথবা শেষ হবে তা নিয়ে এখনই কিছু জানা না গেলেও, যেভাবে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বারবার এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে যে দৃঢ়তার সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে তাতে আশা করা হচ্ছে, দুই শিল্প নগরীর মানুষদের স্বপ্ন হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই পূরণ হয়ে যাবে।