• ইউক্রেন উপকূলে জাহাজে হামলায় ৪ ভারতীয়ের মৃত্যু, রুশ রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রকের
    প্রতিদিন | ২২ জুলাই ২০২৬
  • হরমুজের পর এবার ইউক্রেনের উপকূলে বাণিজ্যিক জাহাজে রুশ হামলায় মৃত্যু হয়েছে ৪ জন ভারতীয়ের (Indian Sailors Killed)। গুরুতর আহত হয়েছেন আরও এক ভারতীয় নাবিক। এই ঘটনার কড়া নিন্দা করার পাশাপাশি এবার পদক্ষেপ করল ভারত সরকার। ৪ ভারতীয় মৃত্যুর ঘটনায় তলব করা হল রাশিয়ার রাষ্ট্রদূতকে। কেন বাণিজ্যিক জাহাজে ন্যক্কারজনক হামলা চালানো হল সে বিষয়ে জবাবদিহি করা হবে।

    বিদেশমন্ত্রকের তরফে জানা যাচ্ছে, গত ১৯ জুলাই ইউক্রেনের ওডেসা বন্দর থেকে বেরিয়ে আসার সময় হামলার মুখে পড়ে ‘গোল্ডেন লিও’ ভুট্টাবাহী জাহাজটি। গিনি-বিসাউয়ের পতাকাবাহী এই জাহাজে মোট ১৭ জন নাবিক ছিলেন। বন্দর ছেড়ে কিছুদূর যাওয়ার পর পরপর ৩টি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে জাহাজে। সঙ্গে সঙ্গে বাণিজ্যতরীটিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে আকাশ। কিয়েভের তরফ থেকে জানানো হয়েছে, হামলায় মৃত্যু হয়েছে ৯ জন জাহাজকর্মী এবং ১ জন পাইলটের। তাঁদের মধ্যে ৪ জন ভারতীয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। ইউক্রেনের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে রাশিয়া।

    এই হামলার খবর সামনে আসার পরই কড়া বার্তা দেওয়া হয় ভারতের তরফে। সোমবার বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত এই হামলার নিন্দা জানায়। বাণিজ্যিক জাহাজকে নিশানা করা ও নিরীহ নাবিকদের হত্যা করা অত্যন্ত নিন্দনীয়। নৌ-চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকা উচিত। ইউক্রেনের ভারতীয় দূতাবাস গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে।’

    সরকারি সূত্রে জানা যাচ্ছে, ইউক্রেনে জাহাজে হামলা ও ৪ ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় এবার রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি কেন এই হামলা চালানো হল তার ব্যাখ্যা চাওয়া হবে রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে রাশিয়াকে তা নিশ্চিত করতে হবে। তবে এই হামলার ঘটনায় কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)