• সর্বভারতীয় ক্ষেত্রে পিছিয়ে পড়ছে বাংলার কলেজগুলি! উচ্চশিক্ষা দপ্তর গড়ছে মেন্টরিং কমিটি
    প্রতিদিন | ২২ জুলাই ২০২৬
  • কলেজগুলির উৎকর্ষ বাড়াতে উদ্যোগী হল রাজ্য। সর্বভারতীয় ক্ষেত্রে অন্যান্য রাজ্যের কলেজগুলির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পদক্ষেপ শুরু হয়েছে। রাজ্যের কলেজগুলির মান উন্নয়নের জন্য গঠন করা হল একটি ‘মেন্টরিং কমিটি’। এই কমিটির কাজ হবে, কলেজের উৎকর্ষ বাড়াতে কী কী ধরনের পরিবর্তনের প্রয়োজন রয়েছে তা সুপারিশ করা। উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের পরামর্শেই এই মেন্টরিং কমিটি তৈরি হয়েছে।

    জানা গিয়েছে, গত কয়েক বছরে সর্বভারতীয় ক্রম তালিকায় (এনআইআরএফ) প্রথম ১০০ টি কলেজের মধ্যে রাজ্যের কলেজের নাম খুবই কম থেকেছে। ২০২৪ সালে রাজ্যের মাত্র ৮টি কলেজ প্রথম ১০০-তে স্থান পেয়েছিল। চলতি বছরে কলেজগুলির তথ্য ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। তাই এবারের রিপোর্টে আর কিছু করার নেই। কিন্তু ২০২৭ সালের তালিকা থেকে ঘুরে দাঁড়াতে চাইছে রাজ্য। সেই কারণে ১১ সদস্যের একটি মেন্টরিং কমিটি গঠন করা হয়েছে। কলকাতা, বীরভূম, বাঁকুড়া, কোচবিহার-সহ বিভিন্ন জেলার কলেজে যাঁরা এনআইআরএফ কাজের সঙ্গে যুক্ত তাঁদের মধ্যে থেকে ১১ জনকে কমিটির সদস্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই কমিটি রাজ্যের অন্তত ২০টি কলেজকে প্রথম ১০০-তে আনার জন্য কাজ করবে। প্রাথমিক পর্যায়ে রাজ্যের ১০০ টি কলেজকে বেছে নেবে কমিটি।

    কলেজের পড়ুয়া ভর্তির তালিকা, ওয়েবসাইট, শিক্ষার মান-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে মেন্টরিং কমিটি। উচ্চশিক্ষা দপ্তরের দাবি, আগামী নভেম্বর মাসের মধ্যে কমিটির দেওয়া সুপারিশগুলি বাস্তবায়িত হবে। মূলত ২০২৭ সালের ব়্যাঙ্কিংয়ে এই কলেজগুলিকে যুক্ত করা যায় সেই জন্যই উদ্যোগ নিল উচ্চশিক্ষা দপ্তর।
  • Link to this news (প্রতিদিন)