লাইভে ‘খুনি’ বলে তোপ, মদনকে ১০ কোটির আইনি নোটিস অভিষেকের
প্রতিদিন | ২২ জুলাই ২০২৬
“অভিষেক একজন খুনি, সুপারি দিয়ে খুন করান, টাকা দিয়ে খুন করান।” একুশে জুলাইয়ের প্রাক্কালে সমাজমাধ্যমে লাইভে এসে তৃণমূল সাংসদকে এভাবেই আক্রমণ করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর মঙ্গলবারই তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মদন মিত্রকে ১০ কোটি টাকার আইনি নোটিস পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবী মারফত মদনকে এই মানহানির নোটিস পাঠান তিনি।
সোমবার রাতে সমাজমাধ্যমে লাইভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক তোপ দাগেন মদন। এপ্রসঙ্গে নোটিসে বলা হয়, ১৯ জুলাই রাত ৯টা ৪০ মিনিট থেকে ১০ টা পর্যন্ত মদন মিত্রের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি লাইভ করা হয়। সেই লাইভের ৬ মিনিট ৫৫ সেকেন্ডের মাথায় মদন অভিষেকের বিরুদ্ধে একাধিক অপমানজনক ও অবমাননাকর কথা বলেন। অভিষেককে ‘অপরাধী, খুনি, সুপারি দিয়ে খুন করান’ বলে তোপ দাগেন তিনি। মদনের এই সব দাবি ভিত্তিহীন। এর ফলে অভিষেকের দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে আইনি নোটিসে উল্লেখ করা হয়। লাইভের শেষে মদনকে বলতে শোনা গিয়েছে, ‘অ্যানিথিং মোর?’ এই বিষয়টি উল্লেখ করে নোটিসে বলা হয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে না এরকম কারও উদ্দেশে এই প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ কারও নির্দেশ বা পরিকল্পিতভাবে অভিষেকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এসব মন্তব্য করেছেন মদন।
আইনি নোটিসে মদন মিত্রকে ৩ দিন অর্থাৎ ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে দুটি শর্ত দিয়েছেন অভিষেকের আইনজীবী। এই সময়কালের মধ্যে লিখিত এবং ভিত্তিও বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে মদনকে। পাশাপাশি অভিষেকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় মদনকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণও প্রদান করতে হবে। নোটিসে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে এই দুটি নির্দেশ না মানা হলে দেওয়ানি ও ফৌজদারি আদালতে কামারহাটির বিধায়কের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করবেন অভিষেক।