• লটারিতে পুরস্কার না মেলাতেই ফাঁস জালিয়াতি! তদন্তে গ্রেফতার মূল অভিযুক্ত
    News18 বাংলা | ২২ জুলাই ২০২৬
  • জাল লটারি টিকিট বিক্রির অভিযোগে হাওড়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পান্ডুয়া থানার পুলিশ। ধৃতের নাম হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে বাপ্পা। তাঁকে মঙ্গলবার চুঁচুড়া আদালতে তোলা হলে আদালত দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ জুন পান্ডুয়ার নান্দীনগ্রামের বাসিন্দা অভিজিৎ মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, হরাল হাটতলা এলাকার একটি দোকান থেকে কেনা লটারির টিকিটের নম্বর সরকারি ফলাফলে মেলেনি। সন্দেহ হওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন।

    অভিযোগের তদন্তে নেমে প্রথমে লটারি বিক্রেতা সুমির মালিক ওরফে হেনো-কে গ্রেফতার করে পুলিশ। জেরায় উঠে আসে, পূর্ব বর্ধমানের জামালপুর এলাকার বাসিন্দা হিরন্ময় চট্টোপাধ্যায়ই ওই জাল টিকিটের ডিস্ট্রিবিউটর।

    মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে গত শনিবার রাতে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে হিরন্ময়কে গ্রেফতার করা হয়। প্রথম দফায় আদালত তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠায়। সেই সময় জেরার ভিত্তিতে প্রায় ১,৫০০টি জাল লটারির টিকিট উদ্ধার করে পুলিশ।

    তদন্তে জানা গিয়েছে, ‘ফিউচার রাগা’ নামে একটি সংস্থার নামে এই টিকিটগুলি বাজারে ছাড়া হচ্ছিল। তবে পুলিশ জানিয়েছে, এই নামে কোনও বৈধ লটারি সংস্থার অস্তিত্বের প্রমাণ এখনও মেলেনি।

    তদন্তকারীদের অনুমান, এর পিছনে একটি বড় জাল লটারি চক্র সক্রিয় থাকতে পারে। এই চক্রে আরও কারা জড়িত, টিকিট কোথায় ছাপা হত এবং কীভাবে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো, তা খতিয়ে দেখছে পান্ডুয়া থানার পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)