• সাপ উদ্ধারে তো নেমেছেন..! ট্রেনিং আছে তো? উৎসাহের বশে প্রশিক্ষণ ছাড়াই সাপ উদ্ধার! ডেকে আনছে বিপদ
    News18 বাংলা | ২২ জুলাই ২০২৬
  • বন্যপ্রাণীদের রক্ষা করতে এগিয়ে আসছেন তরুণ প্রজন্মের পরিবেশপ্রেমীরা। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ ধ্বংসের এই যুগে যুবসমাজের এই উৎসাহ নিঃসন্দেহে এক আশার আলো। তবে অভিজ্ঞতাহীনতা ও আবেগের বশবর্তী হয়ে কাজের ফলে প্রায়শই তৈরি হচ্ছে নতুন বিপদ—এমনটাই মনে করছেন অভিজ্ঞ পরিবেশকর্মীরা।

    সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার প্রভাবে বন্যপ্রাণ রেসকিউ বা উদ্ধারের কাজে যুক্ত হওয়ার প্রবণতা বেড়েছে। তবে সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি না জেনে বিষধর সাপ বা বন্যপ্রাণী ধরতে গিয়ে অনেকে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলছেন। একই সঙ্গে, ভুল পদ্ধতিতে উদ্ধারের কারণে আহত বা আতঙ্কিত বা আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারাতে পারে উদ্ধার হওয়া প্রাণী। কেবল সমাজমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে কাজ করতে গিয়ে বন্যপ্রাণের সুরক্ষার বিষয়টি অনেক সময় গৌণ হয়ে পড়ছে।

    হাওড়া জেলা কোনও সংরক্ষিত বনভূমি বা ‘ফরেস্ট জোন’ না হওয়া সত্ত্বেও এখানে স্বচ্ছলভাবে বাস করে বনবিড়াল, মেছোবিড়াল, নানা প্রজাতির সাপ ও বিচিত্র সব পরিযায়ী পাখি। ফলে এখানকার জীববৈচিত্র্য রক্ষায় বাড়তি দক্ষতা ও বিচক্ষণতার প্রয়োজন। জলাভূমি ভরাট ও গাছ কাটার ফলে এমনিতেই বন্যপ্রাণীদের বাসস্থান সংকুচিত হচ্ছে, তার ওপর অপেশাদার উদ্ধার কাজ তাদের অস্তিত্বকে আরও সংকটে ফেলছে।পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে যুক্ত করা অত্যন্ত জরুরি, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল কাজটিকে নির্ভুল ও নিরাপদভাবে সম্পন্ন করা।

    আরও পড়ুন: আচমকা সভা ছেড়ে ছুটলেন কল্যাণ! কী এমন ঘটল ২১শে জুলাইয়ের মঞ্চে? জানা গেল আসল কারণ

    প্রত্যেক পরিবেশকর্মীদের উচিত আবেগের পাশাপাশি পেশাদারিত্ব বজায় রাখা এবং বন দফতর এর কর্মী এবং অভিজ্ঞদের পরামর্শ নিয়ে কাজে নামা। সঠিক প্রশিক্ষণ ও অভিজ্ঞদের সহযোগিতা মিললে যেমন স্বেচ্ছাসেবকদের সুরক্ষা সুনিশ্চিত হবে, তেমনই সুরক্ষিত থাকবে হাওড়ার পরিবেশ ও বন্যপ্রাণ।

    এ প্রসঙ্গে পরিবেশকর্মী শুভজিৎ মাইতি ও চিত্রক প্রামানিক জানান, বর্তমান সময়ে এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজের প্রতি সকলে দায়বদ্ধ হওয়া প্রয়োজন। বন বিভাগ স্বেচ্ছাসেবী সংগঠন অনবরত প্রচার অভিযান চালাচ্ছে, এই কাজে মানুষকে উৎসাহিত করতে। অনেকেই আগ্রহ দেখাচ্ছে, এগিয়ে আসছে নিজের হাতেই কাজে নামছে। কিন্তু এই কাজের নির্দিষ্ট কিছু নিয়ম বিধি রয়েছে। সেই নিয়ম জেনেই কাজ করা উচিত। তাতে নিজের জীবন সুরক্ষিত হবার পাশাপাশি বন্যপ্রাণীর জীবনও নিরাপদ থাকবে। তাই এ বিষয়ে বনবিভাগ এবং বিভিন্ন সংগঠন প্রশিক্ষণ দিয়ে থাকে সেই প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে তবেই উদ্ধার কাজ সঠিক।

    রাকেশ মাইতি
  • Link to this news (News18 বাংলা)