• পড়ুয়াদের ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে কংগ্রেস, রাহুলকে নিশানা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
    এই সময় | ২২ জুলাই ২০২৬
  • প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের পরেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। NEET ইস্যুতে পড়ুয়াদের ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে কংগ্রেস বলে অভিযোগ করলেন তিনি।

    NEET এবং পড়ুয়াদের বিক্ষোভে লাঠিচার্জের ঘটনা নিয়ে সংসদে আলোচনার দাবি করছেন রাহুল গান্ধী। এর পরেই লোকসভার বিরোধী দলনেতার প্রতি তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তাঁর দাবি, সংসদের বর্ষাকালীন অধিবেশন ব্যাহত করার লক্ষ্যে পড়ুয়াদের ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে কংগ্রেস। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিক্ষোভ নয়, বরং উত্তর এবং জবাবদিধি পাওয়ার যোগ্য পড়ুয়ারা।

    মঙ্গলবার দিল্লিতে বিক্ষোভ দেখায় কংগ্রেস। লোককল্যাণ মার্গে বিক্ষোভ দেখানোর সময়েই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের ধরে নিয়ে যায় পুলিশ। এর পরেই মন্দির মার্গ থানায় গিয়েছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।  তার পরেই মুক্তি দেওয়া হয় রাহুলদের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলার পাশাপাশি এই বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবিও করেছেন রাহুল এবং প্রিয়াঙ্কা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন তাঁরা।

    এর পরেই মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। মঙ্গলবার রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহুল গান্ধীর প্রতি তীব্র আক্রমণ করেন তিনি।

    ককরোচ জনতা পার্টি এবংপড়ুয়াদের ওপর লাঠিচার্জ করার ঘটনায় কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধী। এই ইস্যু নিয়ে কেন্দ্র সংসদে কোনও আলোচনা করতে চাইছে না বলেও দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা। আটক হওয়ার পরেই ছত্রসাল স্টেডিয়াম থেকে এই নিয়ে সবর হন রাহুল গান্ধী।

    বিক্ষোভকারীদের ওপর পুলিশের কঠোর পদক্ষেপের করার পরে মঙ্গলবার নিজের প্রথম প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। পড়ুয়াদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ করেছেন তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি, সরকার বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও রাহুল গান্ধী ও কংগ্রেস সংসদীয় আলোচনার পরিবর্তে বিক্ষোভের পথ বেছে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে কংগ্রেসের ধর্না কর্মসূচি আয়োজনেরও সমালোচনা করেন তিনি। তাঁর মতে, এর ফলে সাধারণ মানুষের অসুবিধা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠিত নিয়মকানুন উপেক্ষা করা হয়েছে বলেও দাবি তাঁর।

    সংসদের অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে রাহুল গান্ধী পড়ুয়াদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ‘নির্লজ্জভাবে ব্যবহার অব্যাহত রেখেছেন’ বলেও দাবি করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। পড়ুয়াদের সমস্যার সমাধান না করে রাজনৈতিকভাবে শিরোনামে আসার জন্যই তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি। সরকার আলোচনার পথ খোলা রাখা সত্ত্বেও রাহুল গান্ধী সংঘাত তৈরির চেষ্টা করছেন বলেও দাবি শিক্ষামন্ত্রীর।

    সরকার সংসদে নিট (NEET) সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে এবং পড়ুয়াদের যৌক্তিক উদ্বেগের নিরসন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন তিনি। এই জন্য কেন্দ্র দায়বদ্ধ বলেও জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।

    এক নজরে:

    FAQ

    কী দাবি করেছেন রাহুল গান্ধী?

    পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করার ঘটনায় এবং NEET ইস্যুতে সংসদে আলোচনা করতে চাইছে না কেন্দ্র বলে অভিযোগ লোকসভার বিরোধী দলনেতার।

    সংসদে কি আলোচনা হবে?

    এই ইস্যুতে সংসদে আলোচনা করতে প্রস্তুত সরকার বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

    কী অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে?

    সরকার আলোচনার পথ খোলা রাখা সত্ত্বেও রাহুল গান্ধী সংঘাত তৈরির চেষ্টা করছেন বলেও দাবি শিক্ষামন্ত্রীর। NEET ইস্যুতে পড়ুয়াদের ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে কংগ্রেস বলেও দাবি তাঁর

  • Link to this news (এই সময়)