• পর্যটকদের জন্য ১০০ তথ্যকেন্দ্র, মিলবে খবর, থাকবে ক্যাফেটেরিয়া ও বিশ্রামের জায়গা
    এই সময় | ২২ জুলাই ২০২৬
  • এই সময়, কোচবিহার: বহু পর্যটক বেড়াতে আসেন উত্তরবঙ্গে। কোথায়, কী দেখার ব্যবস্থা রয়েছে, কী ভাবে পৌঁছনো যাবে, তথ্য পেতে অনেকেরই সমস্যা হয়। সেই সমস্যার সুরাহা করতে আধুনিক তথ্যকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। নতুন সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

    এ বার সেই টাকায় উত্তরবঙ্গের পাহাড়, অরণ্য, নদী ঘিরে থাকা প্রাকৃতিক সৌন্দর্যকে সামনে রেখে ট্যুরিস্ট সার্কিট গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করতে চলেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। উত্তরবঙ্গের ৮ জেলায় ১০০টি ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেন্টার (ডিআইসি) তৈরির পরিকল্পনা নিয়েছে তারা।

    সেখানে এক ছাদের তলায় পর্যটক স্থানের যাবতীয় তথ্য যেমন মিলবে তেমনি থাকবে ক্যাফেটেরিয়া সহ একাধিক ব্যবস্থা। অসম ও বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে অসম বাংলা সীমান্তের বক্সীরহাটে তৈরি হচ্ছে বিশাল গেট। দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, উত্তরবঙ্গের ৮ জেলাকে গুরুত্ব দিয়ে এ বার কাজ হবে। ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেন্টার পর্যটকদের খুব কাজে আসবে। একেবারে আধুনিক সমস্ত ব্যবস্থা থাকবে সেখানে।'

    প্রত্যেক জেলায় অন্তত আটটি ডিআইসি কেন্দ্র করা হচ্ছে। প্রত্যেকটির খরচ ধরা হয়েছে ৭৫ লক্ষের বেশি। দোতলা এই ভবনের গ্রাউন্ড ফ্লোরে থাকবে ইনফরমেশন সেন্টার। দু'ধারে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আধুনিক শৌচালয়। দোতলায় থাকবে ক্যাফেটেরিয়া। ছাদেও আলাদা ভাবে বসার জায়গা এবং ক্যাফেটেরিয়া থাকবে। আধুনিক এই ভবনে বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা থাকবে।

    উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর চলতি আর্থিক বর্ষে বক্সীরহাটে বিশাল গেট করা হবে। সেখানে ঠাঁই পাবে স্থানীয়দের কৃষ্টি ও সংস্কৃতি। এ ছাড়া মাথাভাঙায় একটি সুইমিংপুল এবং ভেটাগুরিতে একটি স্টেডিয়াম করারও পরিকল্পনা রয়েছে দপ্তরের। কোচবিহার উত্তর, দক্ষিণ, মাথাভাঙা এবং শীতলখুচি এই চারটি বিধানসভা কেন্দ্রের দশটি প্রাথমিক বিদ্যালয়কে আধুনিক মানের করে সেখানে স্মার্ট ক্লাস চালুর কথা ভাবা হয়েছে। একাধিক হাই স্কুলও সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)