এই সময়: কালীঘাট শিবিরের ২১ জুলাইয়ের মঞ্চেও কি তর্কাতর্কির পরিস্থিতি? তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের আইনজীবী–সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সভামঞ্চেই বাদানুবাদে জড়িয়ে পড়েন বলে মঞ্চে উপস্থিত একাধিক তৃণমূল নেতার বক্তব্য। এই নেতাদের দাবি, মমতার কিছু মন্তব্যে প্রবল অসন্তুষ্ট হয়ে কল্যাণ মঞ্চ থেকে নেমেও যান।
ক্যাথিড্র্যাল রোডে তৃণমূলের কালীঘাট শিবিরের ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত একাধিক নেতার সূত্রে জানা গিয়েছে, কল্যাণ যখন ভাষণ দিচ্ছিলেন, তার মাঝপর্বে মমতা মঞ্চে উপস্থিত হন। কল্যাণ দলনেত্রীকে স্বাগত জানাতে স্লোগানও দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মঞ্চে বসে কল্যাণের কথা শুনতে শুনতে তাঁর ভাষণ কিছুটা সংক্ষিপ্ত করার বার্তা পাঠান।
সোশ্যাল মিডিয়ায় কালীঘাট–তৃণমূলের সভার লাইভ স্ট্রিমিংয়ে কল্যাণের উদ্দেশে মমতাকে বলতে শোনা যায়, ‘আরে থামো।’ দ্রুত ভাষণ শেষ করে মমতার উদ্দেশে কল্যাণ বলেন, ‘আপনি দেখুন না, কতক্ষণ বলেছি? আপনি এমন করেন না...!’ কল্যাণের এই মন্তব্য শুনে মমতা কিছু বলেছেন কি না, তা স্পষ্ট বোঝা যায়নি। তবে শ্রীরামপুরের সাংসদকে ফের বলতে শোনা যায়, ‘আপনি এই সব বলবেন না আমাকে। আপনার জন্য জান দিয়েছি। আপনার কোনও এমপি, এমএলএ, কর্মী জেলায় জেলায় ঘুরছে না। আমি ঘুরছি, (বাকি) সব বাড়িতে বসে আছে। আপনি পাবলিকলি (আমাকে) অপমান করছেন!’
এই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়, অসন্তুষ্ট কল্যাণকে থামানোর চেষ্টা করতে। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকেও সেখানে দেখা যায়। তবে কল্যাণ তাঁর বাক্যবাণ নিক্ষেপ করেই দ্রুত মঞ্চ ছেড়ে যাওয়ার জন্য সিঁড়ির দিকে এগিয়ে যান। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনকেও দেখা যায় কল্যাণের কাছে গিয়ে কথা বলতে। কিন্তু কল্যাণ আর মঞ্চে ফেরেননি। এই মঞ্চে উপস্থিত তৃণমূলের একাধিক নেতার বক্তব্য, কল্যাণের ভাষণ চলার সময়ে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসে পৌঁছন। সেই সময়ে অভিষেককে নিয়ে তৃণমূলের একদল কর্মী স্লোগান দেন। তখনও কিছুক্ষণের জন্য কল্যাণকে ভাষণ থামাতে হয়। এরপরে আবার মমতা সভাস্থলে পৌঁছলেও ভাষণের মাঝপর্বে থামতে হয় তাঁকে। যদিও মঞ্চে এই তর্কাতর্কির বিষয়ে পরে কল্যাণ ও মমতা— কেউ কোনও মন্তব্য করেননি।