ফুটপাত দখল করে হকারের একাধিক দোকান নিয়ে ক্ষোভ প্রকাশ পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল। গাড়ি থেকে নেমে হকারদের সতর্ক করলেন ফুটপাতের কিছুটা অংশ ছেড়ে দোকান করতে। একইসঙ্গে পুলিশকে সতর্ক করেন কোনও দোকান যেন ভাঙা না হয়। হকারদের সতর্ক করেন, ২৪ ঘণ্টার মধ্যে তারা যেন তা ঠিক করে নেন। একইসঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফুটপাতের একাংশে বসার আপাতত অনুমতি দিয়েছেন। উচ্ছেদ করতে নিষেধ করেছেন।
ভবানীপুর থেকে গ্রেপ্তার দুই তরুণী। তাঁরা থাইল্যান্ডের বাসিন্দা বলে মনে করছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের। কী ভাবে, কোথা থেকে এই মাদক এল তা তদন্ত করছে পুলিশ।
২০ জুলাই, সোমবার শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করা পড়ুয়াদের উপরে দিল্লি পুলিশের কাঁদানে গ্যাস সেল ফাটানো-লাঠি চার্জের ঘটনায় অবিলম্বে আলোচনার দাবিতে আজ, ২২ জুলাই রাজ্যসভায় রুল ২৬৭-এর অধীনে নোটিস জমা দিল তৃণমূল কংগ্রেস।
নিট-ইউজি (NEET-UG) প্রশ্নপত্র ফাঁস, সরকারি পরীক্ষা ব্যবস্থার ব্যর্থতা, আন্দোলনকারীদের উপর পুলিশের কাঁদানে গ্যাস-লাঠি চার্জ এবং সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতির বিষয় নিয়ে আলোচনার দাবিতে রাজ্যসভায় ‘সাসপেনশন অফ বিজনেস’ নোটিস জমা দিয়েছেন আম আদমি পার্টির (AAP) সাংসদ সঞ্জয় সিং। তিনি দাবি করেছেন, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে অবিলম্বে সংসদে আলোচনা হওয়া উচিত।
সিকিমের নামচির এনএইচপিসি (NHPC) সুড়ঙ্গ ধসের ঘটনায় এখনও পর্যন্ত ২০টি দেহ উদ্ধার করা হয়েছে। এখনও ১৩ থেকে ১৫ জন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদেরকে উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চলছে। নামচি জেলার পুলিশ সুপার (এসপি) সোনম ডোলমা জানিয়েছেন, এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF), সিকিম পুলিশ, কয়লা খনি বিশেষজ্ঞদের দল এবং দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ওডিশা লোক ভবনের বাইরে বিক্ষোভে সামিল হলেন ওডিশা কংগ্রেসের শীর্ষ নেতারা এবং ওডিশা প্রদেশ কংগ্রেস কমিটির কর্মীরা। নয়াদিল্লির যন্তর মন্তরে চলা বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে এই আন্দোলন হয়। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে পুলিশি পদক্ষেপ করা হয়েছে, তা অত্যাচার।