প্রাণের বাইকই কাড়ল প্রাণ! গতির বলি কলকাতার রাইডার দেবাহুতি
প্রতিদিন | ২২ জুলাই ২০২৬
পেশায় বেসরকারি সংস্থার কর্মী। কিন্তু দু’চাকাই ছিল তাঁর প্রাণ। সামান্য সময় পেলেও বাইক নিয়ে বেরিয়ে পড়তেন বছর চল্লিশের দেবাহুতি বন্দ্যোপাধ্যায়। গতিই কাড়ল প্রাণ। চাঁদিপুর থেকে কলকাতা ফেরার সময় বালিহাটি এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারালেন রাইডার দেবাহুতি।
জানা গিয়েছে, কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা ছিলেন দেবাহুতি বন্দ্যোপাধ্যায়। বয়স ৪৪ বছর। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। তবে বাইক ছিল তাঁর ধ্যান-জ্ঞান। একাধিক রাইজার গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। প্রায়ই দু’চাকা নিয়ে বেরিয়ে পড়তেন। গত রবিবার দেবাহুতি-সহ মোট ৯ জন রাইডার চাঁদিপুর থেকে বাইক নিয়ে ফিরছিলেন কলকাতায়। বালিহাটি এলাকায় জাতীয় সড়কের উপর ঘটে দুর্ঘটনা। জানা যায়, রাস্তায় একটি গর্ত ছিল। সেখানেই আটকে যায় বাইক। ছিটকে পড়ে যান দেবাহুতি। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা দেবাহুতিকে মৃত বলে ঘোষণা করেন। দেবাহুতির বাইকে এক আরোহী ছিলেন, তিনি আহত হয়েছেন। চিকিৎসা চলছে মেদিনীপুরের হাসপাতালে।
দেবাহুতির ছেলেও ছিলেন তাঁর সঙ্গেই। তবে তাঁর বাইকটা একটু সামনে ছিল। মায়ের এই পরিণতিতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন যুবক। দেবাহুতির মৃত্যুর খবরে বিভিন্ন বাইকিং কমিউনিটির তরফে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করা হয়েছে। রাইডারদের আরও সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি যে সব এলাকায় জাতীয় সড়ক বেহাল, সেগুলো দ্রুত মেরামতের দাবি জানানো হয়েছে।